শোকসংবাদ! চন্দ্রাভিযানে নেতৃত্বে দেওয়া এক নারী বিজ্ঞানীর মৃত্যু, শোকে বিজ্ঞানী মহল

গত আগস্ট মাসে চাঁদের বুকে চন্দ্রযান-৩ পাঠানোর অভিযানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে একজন নারী বিজ্ঞানী মারা গেছেন। ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোর ওই নারী বিজ্ঞানীর নাম এন ভালারমতি। শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত বিজ্ঞানীর ঘনিষ্ঠমহল সূত্র জানিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ভালারমতির মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাবেক পরিচালক পিভি বেঙ্কটাকৃষ্ণন। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি বলেন, “শ্রীহরিকোটায় ইসরোর পরবর্তী মিশনগুলোর কাউন্টডাউন যখন চলবে, সেই সময় ভালারমতি ম্যাডামের কণ্ঠ আর শোনা যাবে না। খুবই দুঃখিত। প্রণাম।”

২৩ অগস্ট ল্যান্ডার বিক্রমের গতি কমানো থেকে পাখির পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ (সফ‌্ট ল্যান্ডিং)-চন্দ্রযানের যাবতীয় গতিবিধি এক নাগাড়ে পুরো বিশ্বকে জানিয়ে চর্চার কেন্দ্রস্থলে ছিলেন ভালারমতি।

১৯৫৯ সালের ৩১ জুলাই তামিলনাড়ুর আরিয়ালুর গ্রামে ভালারমতির জন্ম। ১৯৮৪ সালে তিনি ইসরোয় যোগ দেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম রেডার স্যাটেলাইট (রিস) ২০১২ সালে সফলভাবে উপগ্রহে প্রতিষ্ঠিত হয়। এই অভিযানের তত্ত্বাবধায়ক ছিলেন ভালারমতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *