‘গদর ২’ হিট হতেই সানি দেওলের পারিশ্রমিক বেড়ে ৫০ কোটি? কি বলছেন অভিনেতা

বক্স অফিসে হিট হয়েছে সানি দেওলের ‘গদর ২’। ইতোমধ্যে ‘পাঠান’ ও ‘বাহুবলী’কে পেছনে ফেলে রেকর্ড গড়েছে ‘গদর ২’। হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৪৫০ কোটির রেকর্ডও গড়েছে এ ছবি। এবার ৫০০ কোটির দিকে এগোচ্ছে ছবিটি। এমন সাফল্যে ভাসছেন অভিনেতা-অভিনেত্রীরা।

এই সাফল্যে সবচেয়ে বেশি যার জয়জয়কার, তিনি তারা সিংহ ওরফে সানি দেওল। লম্বা সময় অভিনয় থেকে মুখ ফিরিয়ে নেন। কিন্তু ফিরতেই এমন সাফল্য পেয়ে নতুন উদ্যমে কাজ শুরু করতে চাইছেন সানি। সেই কারণে এক ধাক্কায় নাকি নিজের পারিশ্রমিকটাও বাড়িয়ে দিয়েছেন অনেকটা। শোনা যাচ্ছে, ছবিপ্রতি ৫০ কোটি টাকা দর হাঁকাচ্ছেন ধর্মেন্দ্র পুত্র। সত্যি কি তাই? এ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।

২০০১ সালে ‘গদর: এক প্রেম কথা’ ছবি মুক্তির পর থেকেই নাকি অভিনয় জীবনের লড়াই শুরু করেছিলেন তিনি। সানির কথায়, ২০০১ সালে ‘গদর’ বক্স অফিসে সুপারহিট হওয়ার পর আমার আসল লড়াই শুরু হয়।

বক্স অফিসে সফল হয়েছিল ‘গদর’। কিন্তু তারপর আর সেভাবে কাজ পাননি সানি। অভিনেতা আক্ষেপ করে বলেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ‘বলিউড’-এ পরিণত হচ্ছিল। আমি তখন বড় বড় নামযশের লোকজনের সঙ্গে কাজ করিনি। কারণ, আমি তাদের ঘরানাটাই বুঝতাম না।

তবে এত বছর পর সাফল্য পেয়ে কি অবশেষে তার ভাগ্য ফিরল? বাড়তি পারিশ্রমিক নিয়ে নানা গুঞ্জন শুনে সানি বলেন, আমি মনে করি, টাকা-পয়সার বিষয়টা ভীষণ ব্যক্তিগত। কোনো তারকা কোনো দিন বলবেন না তিনি কত টাকা পারিশ্রমিক পান। এই মুহূর্তে ‘গদর ২’-এর সাফল্যে ভাসছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *