BigNews: বাড়তে চলেছে বাস ভাড়া? বিধানসভায় জবাব দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধিকে সামনে রেখে রাজ্যের বেসরকারি বাস মালিকদের একাংশ বাস ভাড়া বৃদ্ধির দাবি করেছিল। এই দাবিতে সাড়া দেয়নি রাজ্য সরকার। এবার বিধানসভায় দাঁড়িয়ে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে স্পষ্ট অবস্থান নিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
তিনি বলেন, “বাসের টিকিট বিক্রি থেকে ভাঁড়ার ভরানো অর্থাৎ লাভ করতে চায় না সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবেই চান না যে সাধারণ মানুষের উপর কোনও চাপ বাড়ুক।”
পরিবহণমন্ত্রী আরও বলেন, “বর্তমান কেন্দ্র সরকারের আমলে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।”
এদিকে, পরিবহণ দফতরের আয় বেড়েছে বলেও জানান তিনি। ২০২২-২৩ অর্থবর্ষে পরিবহণ দফতর আয় করেছে তিন হাজার ৩০৭ কোটি টাকা। এর আগের অর্থবর্ষে আয় হয়েছিল দুই হাজার ৫৮২ কোটি।
পরিবহণমন্ত্রী বলেন, “১৫ বছর পার হয়ে যাওয়া বাসগুলির ফিটনেস সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ের জন্য বাস কমে যাওয়ার ঘটনা ঘটছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।”