খুচরো পয়সা চুরি, মিষ্টি সাবাড়! ২ কিশোরকে বাঁধল দোকান মালিক, দেখা নেই পুলিশের?

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে টাকা চুরির অভিযোগে দুই নাবালককে হাতে, পায়ে দড়ি বেঁধে শাস্তি দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা তাদের মিষ্টির দোকানের মালিকের হাতে তুলে দেয়। মিষ্টির দোকানের মালিক তাদের পায়ে দড়ি বেঁধে দোকানের সামনে বসিয়ে রাখেন। দীর্ঘ সময় পর পুলিশ-প্রশাসনের দেখা না মেলায় স্থানীয়দের অনেকেই ক্ষুব্ধ।
মিষ্টির দোকানের মালিক বিশ্বনাথ দত্ত বলেন, “আমরা প্রতিদিন রাত ৩টে অবধি কাজ করে তারপর বাড়ি যাই। দোকান থেকে রোজই টাকা চুরির ঘটনা ঘটছে। আমি আমার ভাইপোকে সন্দেহ করছিলাম। এরটি ফাঁকা জায়গা দিয়ে প্রতিদিন দোকানে ঢোকে এবং টাকা চুরি করে এখান থেকে। কদিন আগে টাকার সঙ্গে মোবাইলও রেখে দেওয়া ছিল। মোবাইল রেখে দিয়েছে, কিন্তু টাকা চুরি করে নিয়ে গিয়েছে। টাকা নেওয়ার পাশাপাশি মিষ্টি খেত এবং কোল ড্রিংকস সব খেয়ে নিয়েছে। দু-আড়াই মাস ধরে এই ঘটনা ঘটছে। আমি এখনও থানায় খবর দিইনি। আমি মারধর করিনি, বেঁধে রেখেছি। আরও দু’জন রয়েছে এই ঘটনার সঙ্গে।”
স্থানীয় বাসিন্দারা বলেন, “দোকানের মালিকের এমন আচরণ সঠিক নয়। নাবালকদের প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। তাদের এভাবে হেনস্থা করা ঠিক নয়।”