I-Phone: ডুয়াল পোর্ট নিয়ে আসবে আইফোন ১৫ সিরিজ! পাওয়া গেলো নতুন আপডেট
ডুয়াল পোর্ট সুবিধাযুক্ত ফোন নিয়ে আসতে যাচ্ছে অ্যাপল। গিজ চায়নার প্রতিবেদন অনুযায়ী, নিজস্ব চার্জিং পোর্ট ও টাইপ-সি পোর্টসহ বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের নতুন আইফোন ১৫ সিরিজে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন আইন মেনে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। ইইউর আইনে মোবাইল ডিভাইসগুলোয় একক চার্জিং সিস্টেম, ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করার বিধান রাখা হয়েছে। অধিকাংশ ব্র্যান্ডের জন্য এ আইন মেনে চলা সহজ। এরই মধ্যে অধিকাংশ মোবাইল ব্র্যান্ডের চার্জিং পোর্ট টাইপ-সি চালু রয়েছে। কেবল আইফোনের ক্ষেত্রেই এর ব্যতিক্রম। অ্যাপল দীর্ঘদিন ধরে নিজস্ব বিশেষ স্টাইলের চার্জিং পোর্ট ব্যবহার করা আসছে আইফোনের সিরিজগুলোয়।
নতুন ইউএসবি টাইপ-সি ইন্টারফেসের জন্য প্রতিষ্ঠানটিকে লাইটনিং পোর্ট ত্যাগ করতে হবে না। কেননা এক্ষেত্রে অ্যাপলের কিছু বিকল্প অপশন রয়েছে। এর আগে থেকে শোনা যাচ্ছিল, ভবিষ্যতে আইফোন কেবল ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এমন খবরও আছে, ব্যবহারকারীরা আইফোন ১৫ সিরিজে ফোনটি চার্জের জন্য যেকোনো ইউএসবি টাইপ-সি কেবল ব্যবহার করতে পারবেন না। গিজচায়নার প্রতিবেদন বলছে, ইঞ্জিনিয়াররা সফলভাবে আইফোনের লাইটনিং ইন্টারফেসকে ইউএসবি টাইপ-সি ইন্টারফেস হিসেবে পরিবর্তন করেছে। এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সেটি হলো ডুয়াল-পোর্ট আইফোন। এক্ষেত্রে ইঞ্জিনিয়াররা কেবল পুরনো লাইটনিং ইন্টারফেসে ইউএসবি টাইপ-সি ইন্টারফেস যুক্ত করবে।
ইউটিউব ব্লগার হাইফাইস্টোস৩৬৭২ আইফোন ১২ মিনিতে বেশকিছু কাজ করেছেন। তিনি একটি ডুয়াল-পোর্ট আইফোন তৈরি করতে সক্ষম হয়েছেন। এজন্য ফোনটির কিছু অংশ ভেঙে ফেলতে হয়েছে। ফোনের নিচের দিকে একটি অংশ কেটে নতুন ইউএসবি টাইপ-সি পোর্ট স্থাপন করতে হয়েছিল। সংযোগটি মোবাইল ফোনের বিদ্যমান হার্ডওয়্যারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে আই-টিউনের সঙ্গেও যুক্ত করার সুযোগ মিলেছে। এভাবে ওই ব্লগার একটি আইফোন ১২ মিনিতে সম্পূর্ণ কার্যকরী ইউএসবি টাইপ-সি পোর্ট স্থাপন করতে সক্ষম হয়েছেন। তবে এটি অ্যাপলের অফিশিয়াল কাজ নয়। তাই কোম্পানি কখনই এ কৌশল ব্যবহার করতে পারে না।
যদিও দুটি ইন্টারফেসযুক্ত আইফোনটি অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু নেটিজেনরা ডিজাইনটির বিশেষ সুবিধা নিয়ে আলোচনা করছেন। এটি দিয়ে একই সময়ে হেডফোন ও চার্জার ব্যবহার করা যাবে। এর আগে আইফোন ৭ থেকে হেডফোন জ্যাক সুবিধা তুলে নিয়েছিল অ্যাপল। ফলে ওই সময় আইফোন ব্যবহারকারীদের বেশকিছু সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে যারা তারযুক্ত হেডফোন পছন্দ করেন। এখন নতুন প্রযুক্তির ডাবল চার্জিং পোর্ট যুক্ত আইফোন সিরিজ বাজারে এলে সেটি ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবরই বটে।