ক্রোমের নতুন দুই ফিচার: বেড়ে যাবে ব্যাটারি আর পিসির পারফর্মেন্স

ওয়েব জায়ান্ট গুগল আগামী সপ্তাহেই ক্রোম ব্রাউজারে নতুন দুই ফিচার আনছে। এর ফলে কম্পিউটারের মেমোরি আর ব্যাটারির বিদ্যুৎ খরচ– দুটোই কমবে।
জানা গেছে, ল্যাপটপের ব্যাটারি ২০ শতাংশের নিচে নেমে এলেই ‘এনার্জি সেভার মোড’-এ চলে যাবে ক্রোম ব্রাউজার। এতে কিছুটা বেশি সময় ল্যাপটপ চালু রাখতে পারবে ব্যাটারি। এছাড়া মেমোরি সেভার মোড চালু থাকলে ব্যবহারকারী যে ট্যাবগুলো ব্যবহার করছেন সেগুলোতে আলাদা গুরুত্ব দেবে ক্রোম ব্রাউজার।
গুগলের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, সামনের সপ্তাহগুলোতে ক্রোম ১০৮ আপডেটের সঙ্গে উইন্ডোজ, ম্যাকওএস এবং ক্রোমওএসের সকল ব্যবহারকারীর ক্রোম ব্রাউজারে ক্রমান্বয়ে যোগ হবে নতুন এই ফিচার।
এনার্জি সেভার মোড চালু থাকলে প্রথমে ব্রাউজারের ব্র্যাকগ্রাউন্ড কর্মকাণ্ড কমিয়ে আনবে ক্রোম। এ ছাড়াও অ্যানিমেশন ও ভিডিওর ভিজুয়াল ইফেক্ট সীমিত করে বিদ্যুৎ খরচ কমাবে ব্রাউজার। স্ক্রিনের ডান কোণে একটি পাতার আইকন দেখতে পাবেন ব্যবহারকারী। ওই আইকনে ক্লিক করে এনার্জি সেভার মোড চালু করে নেয়া যাবে।
ব্রাউজারে এক সঙ্গে অনেক বেশি ট্যাব খুলে রাখার অভ্যাস আছে, এমন ব্যবহারকারীদের কাজে আসবে মেমোরি সেভার মোড। এটি চালু থাকলে ব্যবহারকারী যে ট্যাবগুলো ব্যবহার করছেন সেগুলোতে আলাদা গুরুত্ব দেবে ক্রোম ব্রাউজার। আর যে ট্যাবগুলো ব্যবহৃত হচ্ছে না তার পেছনে কম্পিউটারের মেমোরি খরচ করবে না ক্রোম।
গুগল দাবি করছে, এ ফিচারটির কারণে ৩০ শতাংশ কম মেমোরি দখল করবে ক্রোম ব্রাউজার; ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতাও উন্নত হবে। ফিচারটি চালু থাকলে ব্রাউজার স্ক্রিনের ওপরের ডান কোণেই ব্যবহারকারী দেখতে পাবেন যে ফিচারটি কতোটা মেমোরি খালি করেছে।