‘উড়ন্ত গাড়ি’ পেল ওড়ার অনুমতি, এবার আকাশ পথেই শুরু হবে বাণিজ্যিক যাত্রা

মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান আলেফ অ্যারোনটিক্সের উড়ন্ত গাড়িকে ওড়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি গাড়িটি ওড়ার জন্য আইনি অনুমোদন দিয়েছে ইউএস ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ)।

আলেফ অ্যারোনটিক্স জানিয়েছে যে, তাদের উড়ন্ত গাড়ি ওড়ার জন্য বিশেষ সনদ পেয়েছে। যুক্তরাষ্ট্রে এটিই প্রথম কোনো উড়ন্ত গাড়ি, যেটি ওড়ার আইনি অনুমোদন পেল।

যুক্তরাষ্ট্রের অ্যাভিয়েশন বিভাগের আইনি প্রতিষ্ঠান অ্যারো ল সেন্টারের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

আলেফ অ্যারোনটিকস এক বিবৃতিতে বলেছে, গাড়িটির বৈদ্যুতিক উড্ডয়ন ও অবতরণের কৌশল নিয়ে এফএএ সক্রিয়ভাবে কাজ করছে। এফএএর কাছ থেকে পাওয়া বিশেষ সনদে উড়ন্ত গাড়ির ওড়ার স্থান ও উদ্দেশ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার সান মাতেওর এই উড়ন্ত গাড়ি শতভাগ বৈদ্যুতিক। গাড়িটি এক বা দুজন যাত্রী বহন করতে পারবে। সড়কপথে যানজট ও যেকোনো দুর্ঘটনার কারণে চলাচল থেমে গেলেও গাড়িটি উড়তে পারবে। তাই এটির দাম রাখা হয়েছে প্রায় তিন লাখ মার্কিন ডলার।

গত জানুয়ারিতে প্রতিষ্ঠানটি বলেছে, ব্যক্তি ও করপোরেট পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে ইতিমধ্যে তারা ৪৪০টির বেশি গাড়ির আগাম অর্ডার পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, ২০২৫ সালের শেষ নাগাদ গ্রাহকদের কাছে এই উড়ন্ত গাড়ি তারা সরবরাহ করা শুরু করতে পারবে।

আলেফ অ্যারোনটিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম দুখোভনি চলতি বছরের শুরুর দিকে এক বিবৃতিতে জানিয়েছেন, ইতিহাসের প্রথম উড়ন্ত গাড়ি সরবরাহ করার লক্ষ্য রয়েছে আলেফের। এত দ্রুত আগাম অর্ডার পাওয়ায় গাড়িটির বাজারের সম্ভাবনাও দেখা দিয়েছে। তারা গ্রাহকদের সন্তুষ্ট করার চেষ্টা করছেন।

আলেফ অ্যারোনটিকসের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এই উড়ন্ত গাড়ি নিয়মিতভাবে ‘শহর বা গ্রামীণ রাস্তায়’ চালানোর উপযোগী করে তৈরি করা হচ্ছে। এটি নিয়মিত পার্কিংয়ের জায়গায় ও গ্যারেজের ভেতর পার্ক করা যাবে। এটি কম গতির গাড়ি। রাস্তায় এটি ঘণ্টায় ২৫ মাইল গতিতে চলাচল করতে পারবে।

ফাইবার কার্বন দিয়ে গাড়ির বডি তৈরি করা হয়েছে। একটি ড্রোন যেভাবে উড়ে গাড়িটিও সেভাবে উড়বে। এর পাখাগুলোকে নিরাপদ রাখতে জালের মতো আবরণ থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *