Tesla: ৭০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক, রয়েছে নতুন পরিকল্পনা!

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ৬৯০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
বুধবার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, গত সপ্তাহে ইলন মাস্কের ফার্মের বার্ষিক শেয়ারহোল্ডার মিটিংয়ের পরে এসব শেয়ার বিক্রি হয়।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথি অনুসারে, টেসলার নির্বাহী ইলন মাস্ক গত ৫ থেকে ৯ আগস্টের মধ্যে প্রায় ৭৯ লাখেরও বেশি শেয়ার বিক্রি করেছেন। টুইটারের সঙ্গে ৪ হাজার ৪০০ কোটি ডলারের ক্রয়চুক্তি নিয়ে আইনি লড়াইয়ের মধ্যে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

এক টুইট বার্তায় বলেন, টুইটার এই চুক্তি বাতিল করতে বাধ্য করার সময় এবং কয়েকজন অংশীদার এগিয়ে না আসায় (অপ্রত্যাশিতভাবে) জরুরি ভিত্তিতে টেসলার শেয়ার বিক্রি বাড়ানো গুরুত্বপূর্ণ।

টুইটারের শেয়ার ক্রয়ে গত এপ্রিলে করা চুক্তি থেকে সরে যাওয়ার প্রচেষ্টার জন্য ইলন মাস্কের সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছে টুইটার। আদালত আগামী অক্টোবরে এ বিষয়ে বিচারকাজ শুরুর আদেশ দিয়েছেন।

টুইটারের এ পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছেন মাস্কও। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে একটি পাল্টা মামলা করেছেন তিনি। অভিযোগে মাস্ক বলেছেন, তিনি ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের শেয়ার ক্রয়ে সম্মত হওয়ার আগে প্রতিষ্ঠানটি ব্যবসায়ের মূল দিকগুলো সম্পর্কে তাকে বিভ্রান্ত করেছে।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায় মাস্কের ২১ বিলিয়ন বা ২ হাজার ১০০ কোটি ডলারের বিনিয়োগ আছে। এ ছাড়া টেসলায় থাকা তার শেয়ারের বিপরীতে আরো ১২ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ২৫০ কোটি ডলারের ঋণ আছে।

বিটকয়েন বেচে বাজার থেকে ৯৩ কোটি ৬০ লাখ ডলার কামিয়েছে টেসলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *