আচমকা ছিঁড়ে গেল ওভারহেডের তার, শিয়ালদা দক্ষিণের ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল

আচমকা ছিঁড়ে গেল ওভারহেডের তার। এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। যাত্রীদের চরম ভোগান্তি। জানা যায়, সোনাপুরে ওই দিন ৫টা ১৫ মিনিট নাগাদ ওভারহেডের তার ছিঁড়ে যায়। এ কারণে ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে য়ায় একাধিক লোকাল ট্রেন। ৬:৩৫ পর্যন্ত ডাউন লাইনে ওই তার আর জোড়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রেলের কর্মীরা মেরামতের কাজ শুরু করে।
তবে কী কারণে হঠাৎ এই বিপত্তি তার কারণ স্পষ্ট নয়। রেল কর্মীদের মতে, এটি শক্তিশালী বাতাসের কারণে হতে পারে। যদিও এর পিছনে অন্য কোনও গোলযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এই বিষয়ে, পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “৫টার কিছু পরে সোনারপুর ও নরেন্দ্রপুরের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে যায়। ফলে শিয়ালদা ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পাওয়ার পরেই ৫টা ৪০ নাগাদ আমাদের কর্মীরা গিয়ে মেরামতির কাজ শুরু করেন। সাড়ে ৬টার পর ফের ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হয়। তবে আপ লাইনে কোনও সমস্যা হয়নি।”
অপরদিকে, হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ওভারহেড লাইনের বিদ্যুতায়নের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজও শুরু হয়েছে। এই কারণে, হাওড়া বিভাগের বিভিন্ন রুটে 1 এবং 2 জুলাই অসংখ্য ট্রেন বাতিল করা হয়েছে।