গরমে সাঁতার কাটছেন? তাহলে অবশ্যই খেয়াল রাখুন ত্বকের

গরমের সময় একটু আরামের জন্য সুইমিং পুলে নেমে সাঁতার কাটেন অনেকেই। বিশেষ করে আমাদের দেশের ভ্যাপসা গরমে তো পুলের ঠান্ডা জল থেকে ওঠার ইচ্ছেই হয় না।
কিন্তু অনেক সময় সুইমিং পুলে সাঁতার কাটার পর ত্বকে ট্যান পরে যায়। জলের নিচে তেমন রোদ লাগার কথা নয়। তা হলে দেহের উন্মুক্ত অংশে ট্যান পড়ছে কী করে?
আসলে সুইমিং পুল পরিষ্কার রাখার জন্য জলে প্রচুর পরিমাণে ক্লোরিন মেশানো হয় আর সেই ক্লোরিনই ত্বক ও চুলের ক্ষতি করতে যথেষ্ট। এ ছাড়া খোলা জায়গায় পুলের মধ্যে রোদ পড়লে, সরাসরি রোদ গায়ে লেগে ত্বক পুড়ে গিয়ে জ্বালা করতে পারে। কারণ, জল থেকে ইউভি রশ্মি প্রতিফলিত হয়ে দেহের খোলা অংশ পুড়িয়ে দেয়।
এই সমস্যা থেকে মুক্তি পেতে পুলে নেমে সাঁতার কাটলেও কিছু জিনিস মাথায় রাখা জরুরি।
১) সাঁতার কাটার আগে ত্বককে হাইড্রেট করা প্রয়োজন। পুলে বা সমুদ্রে নামার আগে বেশি করে জল খেয়ে নিন কারণ তাতে শরীরের স্বাভাবিক আর্দ্রতা ফিরে পাওয়া যায়।
২)জলে ধুয়ে যায় না এসপিএফ যুক্ত এমন সানস্ক্রিন ব্যবহার করুন। জলে নামার অন্তত ২০ মিনিট আগে শরীরের খোলা জায়গায় সানক্রিম মেখে নিন।
৩) যদি অনেকক্ষণ জলে থাকতে হয়, সে ক্ষেত্রে মিনিট ৪০ পর জল থেকে উঠে আবার ক্রিম মেখে নিন।
৪) গোসলের পরে, মাইল্ড সাবান দিয়ে জলে থাকা ক্লোরিন ধুয়ে ফেলুন। ত্বক যাতে শুষ্ক না হয়, তার জন্য গোসলের পরেও সারা শরীরে ময়েশ্চারাইজ়ার মেখে নিন।