কেন্দ্রীয় সংস্থাকে নিয়োগ দুর্নীতির তদন্তে গতি বাড়ানোর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতি কাণ্ডে একযোগে তদন্ত চালাচ্ছে CBI ও ED। তবে এই দুই কেন্দ্রীয় সংস্থার তদন্তে একেবারেই খুশি নয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা তিনি একবারও বুঝিয়ে দিলেন।
নিয়োগ দুর্নীতির মাথা ধরতে না পারলে কী করতে হবে তা আমি জানি, CBI-কে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির দাবি, নিয়োগ দুর্নীতির মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা ‘দালাল’। বেআইনি ভাবে নিয়োগের টাকা আসলে কোথায় পৌঁছেছে, তা দ্রুত বের করার নির্দেশ দেন তিনি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কোথায় গেল নিয়োগ দুর্নীতির এত টাকা? এঁরা তো দালাল! আসল টাকা কোথায় পৌঁছল? সেটাই তো খুঁজে পেতে হবে। এত দিন ধরে কী করছেন? এখনও অবধি কোমরের উপরে পৌঁছতে পারেননি! আপনারা যদি এ বার না মাথায় পৌঁছতে পারেন, আমি জানি কী করতে হবে। দীর্ঘ দিন হয়েছে। সময় অপচয় ছাড়া কিছু হচ্ছে না।’’