BigNews: ২০ টি ঘুমের ওষুধ মেশানো হয় খাবারে, বাবা-মাকে কুপিয়ে হত্যা করল কিশোরী
কিশোরীকে বাবা-মা বকাঝকা ও মারধর করায় ক্ষিপ্ত হয়ে খুন করল নিজের বাবা-মাকেই। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বুলন্দ শহরে। বাবা-মাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ ওই শহরের ফারুখি নগর লাল দরওয়াজা এলাকায় শাব্বির (৪৫) ও তার স্ত্রী রিহানা (৪২)-এর মরদেহ তাদের নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার পুলিশ তাদের কিশোরী কন্যাকে গ্রেফতার করে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, তদন্তের সময় নিহত দম্পতির মেয়ের বক্তব্যে অসঙ্গতি থাকায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে সে স্বীকার করে যে, ছেলেদের সঙ্গে কথা বলার কারণে তার বাবা-মা তাকে প্রায়ই মারধর করত। তা নিয়ে অশান্তি চরম পর্যায়ে পৌঁছলে সে নিজেই তার বাবা-মাকে খুন করার সিদ্ধান্ত নেয়।
পুলিশ জানিয়েছে, এরপর ওই কিশোরী গত ১৫ মার্চ পরিচিত এক যুবকের কাছ থেকে ২০টি ঘুমের ওষুধ এনে বাবা-মায়ের খাবারে মিশিয়ে দেয়। তারা খাবার খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর তাদেরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত কিশোরী।
কিশোরী গ্রেফতারের পর ঘুমের ওষুধের সরবরাহকারী ওই যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। হত্যকাণ্ডে ব্যবহার করা অস্ত্রটিকেও উদ্ধার করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি