ভূমিকম্পের পর একে অপরকে খুঁজে পেয়ে আবেগ আপ্লুত বাবা-মেয়ে, দেখে মুগ্দ্ধ নেটিজেনরা

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৪২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষজনকে জীবিত উদ্ধার করা হচ্ছে। তবে দিন যত গড়াচ্ছে, জীবিত অবস্থায় কাউকে খুঁজে পাওয়ার আশা ফুরিয়ে আসছে।
ভূমিকম্পে অনেকেরই স্বজন নিখোঁজ হয়েছে। তবে ভূমিকম্পে নিখোঁজ হওয়া মেয়ের সঙ্গে বাবার মিলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সবার হৃদয় নাড়া দিয়েছে। ওই ভিডিও ফুটেজটি প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

ভিডিওতে দেখা যায়, একটি রুমে বসে রয়েছেন ওই শিশুটির বাবা। এসময় শিশুটিকে রুমে নিয়ে আসেন একজন নারী। মেয়েকে দেখেই কান্নায় ভেঙে পড়েন বাবা। মেয়েও বাবাকে শক্তভাবে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।

তখন কাঁদতে কাঁদতে মেয়ের গালে চুমু দিতে থাকেন ওই ব্যক্তি। তিনি বার বার বলতে থাকেন, কসম আমি তোমাকে ছেড়ে যাই, আমার সন্তান।

আনাদোলু জানিয়েছে, ওই ব্যক্তির নাম আহমেদ আয়ান। ভূমিকম্পে স্ত্রী ও সন্তানকে হারিয়েছেন তিনি। আয়ান ও তার চার বছর বয়সী মেয়ে ঘাদা ভূমিকম্পের পর হাতায় প্রদেশের রাজধানী আন্টিওয়কে নিজেদের ধসে যাওয়া বাড়ির নিচে আটকা পড়েছিলেন।

উদ্ধারের পর বাবা ও মেয়েকে দুইটি ভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরপর সুস্থ হয়ে মেয়েকে খোঁজা শুরু করেন আয়ান। এদিকে পরিবারের কাউকে খুঁজে না পাওয়ায় হাতায়ে ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল সার্ভিস মন্ত্রণালয়ের অধীনে একটি কেয়ার সেন্টারে পাঠানো হয় ঘাদাকে। ওই সেন্টারেই বাবা-মেয়ের এমন আবেগঘন মিলন ঘটে। ভূমিকম্পে স্ত্রী জিলাল কারাজন ও ৭ বছর বয়সী ছেলে নিহাদকে হারান আয়ান।

ভিডিওটি দেখুন…

সূত্র: খালিজ টাইমস