সাগরে ধাওয়া করে নৌকা আটক: নারী-শিশুসহ ৩১৭ জনকে মানবপাচারের হাত থেকে বাঁচাল কোস্ট গার্ড

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া একটি নৌকা থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানবপাচারে জড়িত সন্দেহে ১৭ জনকে আটক করা হয়েছে। রোববার ভোর চারটার দিকে মিয়ানমার সীমান্তের কাছে টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের বিবৃতি অনুযায়ী, অভিযানের সময় একটি সন্দেহজনক নৌকাকে থামার সংকেত দেওয়া হলে সেটি উপেক্ষা করে দ্রুত সাগরের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড নৌকাটিকে ধাওয়া করে উপকূলের কাছে আটক করে এবং তল্লাশি চালিয়ে ৩১৭ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে কতজন রোহিঙ্গা শরণার্থী, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, একাধিক মানবপাচারকারী চক্র কক্সবাজার ও টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় পাচার করছিল। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে মানুষকে ঝুঁকিপূর্ণ পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছিল। উদ্ধারকৃত ব্যক্তি, জব্দ নৌকা ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বর্তমানে বাংলাদেশে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন, যাঁদের বড় অংশই ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর পালিয়ে আসেন। কাজের খোঁজ বা বিদেশে যাওয়ার আশায় অনেক শরণার্থী পাচারকারীদের ফাঁদে পড়ছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ বা নিহত হন, যা এই অঞ্চলে সর্বোচ্চ। গত বছর সাড়ে ছয় হাজারের বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় অংশ নিলে প্রতি সাতজনে একজন নিখোঁজ বা নিহত হন বলে জানায় সংস্থাটি। চলতি বছরের ১৩ এপ্রিল পর্যন্ত ২,৮০০ জনের বেশি রোহিঙ্গা সমুদ্রপথে যাত্রা করেন এবং মার্চে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া একটি নৌকাডুবিতে প্রায় ২৫০ জন নিখোঁজ হন।

এদিকে, সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড চালানোর অভিযোগে মিয়ানমারকে দায়ী করে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। তবে মিয়ানমার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে রায়কে অন্যায্য বলে সমালোচনা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *