বিজ্ঞাপনের পাশাপাশি নথির স্বাক্ষর নিয়েও প্রশ্ন! সলমন খানের বিরুদ্ধে অভিযোগে নতুন মোড়

পানের মশলার একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়ালেন বলিউড অভিনেতা সলমন খান। অভিনেতা এবং সংশ্লিষ্ট পণ্য প্রস্তুতকারক সংস্থাকে নোটিস পাঠিয়েছে রাজস্থান রাজ্য ক্রেতা কমিশন। বিপজ্জনক পণ্যের প্রচারে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে এই নোটিস পাঠানো হয়েছে এবং আগামী ১৯ জানুয়ারি, ২০২৭ মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
কী অভিযোগ উঠেছে বিজ্ঞাপন ঘিরে?
যোধপুরের বাসিন্দা গজেন্দ্র কুমার এই বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেন। তাঁর আপত্তি, ‘জশন কা টশান’ শীর্ষক বিজ্ঞাপনে সলমন খানকে ৫ থেকে ১০ টাকার একটি পাউচের প্রচার করতে দেখা গিয়েছে, যেখানে জাফরান ও এলাচের মতো উপাদান থাকার দাবি করা হয়েছে।
অভিযোগকারীর বক্তব্য, এ ধরনের প্রচার সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে। বিশেষ করে জনপ্রিয় তারকাদের দিয়ে এমন পণ্যের বিজ্ঞাপন করানো হলে তরুণ প্রজন্মের মধ্যে নেশাসক্তির প্রবণতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে—যা পরবর্তী সময়ে মুখের ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে বলে দাবি করেছেন তিনি।
নথির স্বাক্ষর নিয়েও আপত্তি
শুধু বিজ্ঞাপনই নয়, আইনি প্রক্রিয়ায় জমা দেওয়া কিছু নথির স্বাক্ষর নিয়েও প্রশ্ন তুলেছেন গজেন্দ্র কুমার। যোধপুর জেলা ক্রেতা কমিশন-২-এ জমা পড়া সলমনের পাওয়ার অব অ্যাটর্নি-সহ কয়েকটি নথির স্বাক্ষর আদৌ অভিনেতার কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। এর আগে সলমনকে সশরীরে হাজির করানো এবং স্বাক্ষরের ফরেনসিক পরীক্ষার আবেদন জেলা কমিশন খারিজ করে দেওয়ার পরই তিনি রাজ্য ক্রেতা কমিশনের দ্বারস্থ হন।