ট্র্যাকে ঝড় তুলতে মাত্র ১,০০০ বাইক! ওহলিন্স সাসপেনশন ও ব্রেম্বো হাইপিউর নিয়ে এল ট্রায়াম্ফ ৭৯৮ মোটো২

ট্র্যাক রাইডিংয়ের অভিজ্ঞতা আরও ধারালো করতে নতুন Street Triple 798 Moto2 Edition প্রকাশ করেছে ট্রায়াম্ফ। ২০২৬ সালের মোটোজিপি মরশুমের শেষ রেস ভ্যালেন্সিয়া গ্রাঁ প্রি-তে বাইকটির আত্মপ্রকাশ হয়েছে। নতুন ৭৯৮ আরএস-এর উপর ভিত্তি করে তৈরি এই বিশেষ রোড-লিগ্যাল স্পোর্টস নেকেড মোটরসাইকেলটি বিশ্বজুড়ে মাত্র ১,০০০টি তৈরি করবে সংস্থাটি। আগামী বছর মোটো২ রেসিংয়ে ব্যবহৃত হতে চলা ৭৯৮ সিসি ইঞ্জিনের সঙ্গে প্রযুক্তিগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে এটি।
৭৯৮ আরএস-এর তুলনায় ৪টি বড় পরিবর্তন
নতুন ৭৯৮ মোটো২ সংস্করণের ভিত্তি স্ট্রিট ট্রিপল ৭৯৮ আরএস হলেও ট্র্যাক পারফরম্যান্স বাড়াতে চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে:
-
উন্নত ওহলিন্স সাসপেনশন: ৭৯৮ আরএস-এ থাকা শোয়া বিগ পিস্টন ফর্কের বদলে এতে রয়েছে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল ওহলিন্স এনআইএক্স৩০ (Öhlins NIX30) ফ্রন্ট ফর্ক, যদিও সাসপেনশন ট্রাভেল অপরিবর্তিত রাখা হয়েছে।
-
উন্নত ব্রেকিং সিস্টেম: স্ট্যান্ডার্ড ৭৯৮ আরএস-এর ব্রেম্বো স্টাইলমা ক্যালিপারের পরিবর্তে মোটো২ সংস্করণে দেওয়া হয়েছে আরও উন্নত ব্রেম্বো হাইপিউর (Brembo Hypure) ক্যালিপার।
-
ক্লিপ-অন হ্যান্ডেলবার: সাধারণ টিউবুলার হ্যান্ডেলবারের বদলে যুক্ত হয়েছে ক্লিপ-অন হ্যান্ডেলবার, যা রাইডারকে আরও নিচু ও আক্রমণাত্মক ভঙ্গিতে বসতে সাহায্য করবে।
-
পিছনে সরানো ফুটপেগ: কর্নারিংয়ের সময় রাইডারের শরীরের অবস্থান আরও অনুকূল করতে ফুটপেগ পিছনের দিকে সরানো হয়েছে।
ইঞ্জিন ও প্রযুক্তির বৈশিষ্ট্য
নতুন মোটো২ সংস্করণে ৭৯৮ আরএস-এর মতোই ৭৯৮ সিসির তিন-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, পাশাপাশি চ্যাসিস, ডিজাইন ও এগজস্ট সিস্টেমও একই রাখা হয়েছে। নতুন ৭৯৮ আরএস-এর ইঞ্জিন ১১,৫০০ আরপিএমে ১৩৫ বিএইচপি শক্তি এবং ৯,২৫০ আরপিএমে ৮৬ এনএম টর্ক উৎপন্ন করে—যেখানে আগের ৭৬৫ আরএস দিত ১২,০০০ আরপিএমে ১৩০ বিএইচপি শক্তি ও ৯,৫০০ আরপিএমে ৮০ এনএম টর্ক।
প্রযুক্তির দিক থেকে বাইকটিতে রয়েছে নতুন ৭ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, যাতে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সমর্থন রয়েছে। স্ট্যান্ডার্ড হিসেবেই থাকছে বাই-ডিরেকশনাল কুইকশিফটার।
রঙ, দাম ও ভারতের সম্ভাবনা
Street Triple 798 Moto2 Edition দুটি রঙে পাওয়া যাবে—ব্ল্যাক ও হোয়াইট, এবং ইয়েলো ও ব্ল্যাক। প্রতিটি রঙের মাত্র ৫০০টি করে মোট ১,০০০ ইউনিট তৈরি হবে। যুক্তরাজ্যে এর দাম রাখা হয়েছে ১৫,৫২৫ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮.৯০ লক্ষ টাকা), যা স্ট্যান্ডার্ড ৭৯৮ আরএস-এর ১২,৯২৫ পাউন্ড দামের তুলনায় ২,৬০০ পাউন্ড বেশি। সেখানে বুকিং শুরু হয়েছে এবং ২০২৭ সালের মে মাসে ডিলারশিপে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
তবে ভারতে এই বিশেষ সংস্করণ লঞ্চ হবে কি না বা ১,০০০ ইউনিটের মধ্যে ভারত কতগুলি পাবে, তা এখনও জানায়নি ট্রায়াম্ফ। অন্যদিকে, স্ট্যান্ডার্ড স্ট্রিট ট্রিপল ৭৯৮ আরএস-এর ভারতীয় দাম রাখা হয়েছে ১৪.৩৯ লক্ষ টাকা, আর আগের ৭৬৫ আরএস বিক্রি হচ্ছে ১৩.১৯ লক্ষ টাকায় (অর্থাৎ নতুন ৭৯৮ আরএস ১.২০ লক্ষ টাকা বেশি দামি)। যুক্তরাজ্যে স্ট্যান্ডার্ড ৭৯৮ আরএস-এর ডেলিভারি ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও ভারতের বাজারে এই দুটি মডেলের লঞ্চ ও ডেলিভারির সময়সূচি এখনও ঘোষিত হয়নি।