বাণিজ্যিক উৎপাদন থেকে যৌথ ক্ষেপণাস্ত্র: ভারতের সামরিক শক্তিতে রুশ অস্ত্রের ভূমিকা কতটা?

দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত মজবুত। নিজেদের সামরিক চাহিদার বড় অংশে এখনও রুশ প্রযুক্তির ওপর ভরসা করে ভারত। অতীতের বিভিন্ন যুদ্ধ ও সংঘাত থেকে শুরু করে সাম্প্রতিক সময়েও ভারতীয় সশস্ত্র বাহিনীর অস্ত্রভাণ্ডারে একাধিক রুশ বা যৌথভাবে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এস-৪০০ ট্রায়াম্ফ ও আইএনএস বিক্রমাদিত্য আকাশ প্রতিরক্ষায় অন্যতম প্রধান শক্তি এস-৪০০ ট্রায়াম্ফ। ২০১৮ সালের অক্টোবরে পাঁচটি ইউনিট কেনার চুক্তি করে ভারত, যার মধ্যে তিনটি ইতিমধ্যেই হাতে এসেছে। সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর সময়ও এই ব্যবস্থার কার্যকারিতা সামনে এসেছে।
নৌবাহিনীর ক্ষেত্রে বড় সংযোজন আইএনএস বিক্রমাদিত্য। ২.৩ বিলিয়ন ডলারে কেনা কিয়েভ-শ্রেণির এই বিমানবাহী রণতরীটির পূর্বনাম ছিল ‘বাকু’ ও ‘অ্যাডমিরাল গোরশকোভ’। ২০১৩ সালে নৌবাহিনীতে যুক্ত হওয়া ২৮৩.৫ মিটার দীর্ঘ ও ৬১ মিটার প্রশস্ত এই রণতরীর ডিসপ্লেসমেন্ট ৪৫,৪০০ টন।
ব্রহ্মোস ও যুদ্ধবিমানের বহর ভারতের ডিআরডিও এবং রাশিয়ার এনপিও মাশিনোস্ত্রোয়েনিয়া-র যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস। ব্রহ্মপুত্র ও মস্কভা নদীর নামে তৈরি এই ক্ষেপণাস্ত্র স্থল, জল, আকাশপথ—বিশেষত সু-৩০এমকেআই যুদ্ধবিমানের মাধ্যমে—এবং সাবমেরিন থেকে ছোড়া যায়।
ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান ভরসা দুই ইঞ্জিনবিশিষ্ট এয়ার-সুপিরিওরিটি যুদ্ধবিমান সু-৩০এমকেআই। সুখোই নির্মিত এই বিমান প্রযুক্তি হস্তান্তর চুক্তির আওতায় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল-এর কারখানায় তৈরি হয়। পাশাপাশি ১৯৭০-এর দশকের নকশায় তৈরি চতুর্থ প্রজন্মের মিগ-২৯ যুদ্ধবিমান ১৯৮৭ সালে বাহিনীতে যুক্ত হওয়ার পর ধাপে ধাপে আধুনিকীকরণের মধ্য দিয়ে আজও বিমানবাহিনী ও নৌবাহিনী—উভয় ক্ষেত্রেই সক্রিয় রয়েছে।