ATM-এ ব্যালেন্স চেক করলেই গুনতে হবে টাকা! জেনেনিন নতুন কি নিয়ম আনল রবি?|

আপনার কি বারবার ATM-এ গিয়ে টাকা তোলা বা ব্যালেন্স চেক করার অভ্যাস রয়েছে? তা হলে এবার খরচ বাড়তে পারে আপনার! ক্যাশ উইথড্রয়াল ও ATM লেনদেন সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
RBI-এর নিয়ম অনুযায়ী, বিনামূল্যে লেনদেনের সীমা শেষ হয়ে গেলে ব্যাঙ্কগুলি কর ছাড়া প্রতি লেনদেনে গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ২৩ টাকা পর্যন্ত চার্জ নিতে পারে। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যোগ হলে প্রতি লেনদেনে সর্বোচ্চ খরচ দাঁড়াতে পারে ২৭.১৪ টাকা।
বছরে কত টাকা পর্যন্ত বাড়তি খরচ হতে পারে?
হিসেব বলছে, কোনো গ্রাহক যদি প্রতি মাসে ফ্রি লিমিট পেরিয়ে আরও ৫টি চার্জযোগ্য লেনদেন করেন, তা হলে তাঁর মাসিক খরচ হতে পারে ১৩৫.৭০ টাকা। সেই হিসেবে বছরে মোট খরচ দাঁড়াবে ১,৬২৮.৪০ টাকা। অন্যদিকে, ফ্রি লিমিটের পর প্রতি মাসে ১০টি করে অতিরিক্ত লেনদেন করলে বার্ষিক খরচ বেড়ে ৩,২৫৬.৮০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। উল্লেখ্য, টাকা তোলার পাশাপাশি ব্যালেন্স চেকের মতো নন-ফিন্যান্সিয়াল লেনদেনও বিনামূল্যে লেনদেনের কোটার মধ্যেই ধরা হয়।
কী নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক?
নতুন নির্দেশিকায় গ্রাহকদের স্বার্থে একাধিক বিষয়ের ওপর জোর দিয়েছে RBI। ব্যাঙ্কগুলিকে এমন একটি ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, যার মাধ্যমে গ্রাহকেরা জানতে পারবেন মাসে তাঁরা কতগুলি বিনামূল্যে লেনদেন সেরে ফেলেছেন এবং পরবর্তী লেনদেনে কী পরিমাণ চার্জ কাটা হতে পারে। পাশাপাশি অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রতি লেনদেনে ১০,০০০ টাকার সীমা এবং কারিগরি ত্রুটির কারণে লেনদেন ব্যর্থ হলে যাতে কোনো চার্জ না কাটা হয়, সেই বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।
কী ভাবে কমাবেন ATM-এর বাড়তি খরচ?
বিশেষজ্ঞদের মতে, সামান্য পরিকল্পনা করলেই ATM-এর অপ্রয়োজনীয় খরচ এড়ানো সম্ভব। প্রয়োজনে বারবার অল্প অল্প টাকা না তুলে একবারে প্রয়োজনমতো টাকা তুলে রাখা এবং ব্যালেন্স চেক বা ছোট লেনদেনের জন্য মোবাইল ব্যাঙ্কিং কিংবা ইউপিআই (UPI)-এর মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করলে ফ্রি লেনদেনের সীমা অক্ষত রাখা যায়।