‘গণতন্ত্র শেষ হয়ে যাবে!’ স্ট্যালিন-পওয়ারের মন গলাতে একই বিমানে চেন্নাই-মুম্বই ছুটলেন মমতা-সনিয়া-রাহুল!

ডিলিমিটেশন বিল (আসন পুনর্বিন্যাস) ঘিরে জাতীয় রাজনীতিতে তুঙ্গে তৎপরতা। সোমবার সংসদের বিশেষ অধিবেশনে কেন্দ্রের এই সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার আগে বিরোধী শিবিরকে এককাট্টা করতে মরিয়া ইন্ডি জোট। জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক ডিএমকে এবং এনসিপি (শরদ পওয়ার)-এর অবস্থান বদলাতে আজই চেন্নাই ও মুম্বইয়ের উদ্দেশে ম্যারাথন সফরে রওনা দিলেন বিরোধী জোটের শীর্ষ নেতারা।
রবিবার বিশেষ বিমানে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য একটি বিমানে চেন্নাই যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং দক্ষিণ ভারতের কংগ্রেস শাসিত রাজ্যগুলির শীর্ষ নেতারা। এই হাই-ভোল্টেজ প্রতিনিধিদলে রয়েছেন সমাজবাদী পার্টির রাজীব রাই, আরজেডি নেত্রী মিসা ভারতী, ইটি মহম্মদ বশির, এম এ বেবি এবং কপিল সিব্বলও।
স্ট্যালিনের পর গন্তব্য মুম্বই, হাসপাতালে পওয়ারের সঙ্গে বৈঠক
সূত্রের খবর, কেন্দ্রের প্রস্তাবিত সংশোধিত ডিলিমিটেশন বিলে সব রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব থাকায় ডিএমকে এবং শরদ পওয়ারের দল বিলটিকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। সংসদে বিলটি আটকাতে হলে এই দুই দলের সমর্থন বিরোধী শিবিরের কাছে অত্যন্ত জরুরি। তাই প্রথমে চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করে ডিএমকে সাংসদদের অবস্থান বদলানোর চেষ্টা করবেন মমতা-সনিয়া-রাহুলরা।
চেন্নাইয়ের বৈঠক সেরে আজ সন্ধ্যায় মুম্বই উড়ে যাবেন বিরোধী নেতারা। সেখানে এনসিপি (এসপি) প্রধান শরদ পওয়ারের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা। গত তিন দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান এই নেতা। রাত সাড়ে ৮টা নাগাদ হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করতে পারেন রাহুল, সনিয়া ও খাড়গে।
ডিলিমিটেশন নিয়ে রাহুলের তোপ ও বিরোধীদের আশঙ্কা
নতুন জনগণনার ভিত্তিতে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলির আশঙ্কা, জনসংখ্যার নিরিখে আসন পুনর্বিন্যাস হলে উত্তর ভারতের জনবহুল রাজ্যগুলিতে আসন সংখ্যা অনেকটা বেড়ে যাবে, অথচ জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল দক্ষিণের রাজ্যগুলির সংসদীয় গুরুত্ব কমে যাবে।
এই বিলকে ‘গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক’ বলে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। চেন্নাই রওনা হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ইন্ডি জোটের শীর্ষ নেতাদের সঙ্গে চেন্নাই যাচ্ছি এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে। লোকসভার আসন বাড়িয়ে ৮৫০ করা হলে ভারতের গণতন্ত্র শেষ হয়ে যাবে। এর ফলে বিজেপি-আরএসএস নিজেদের সুবিধামতো দেশের নির্বাচনী মানচিত্র বদলে ফেলার অবাধ সুযোগ পাবে। সংবিধান ও দেশের স্বার্থে আমাদের একসঙ্গে এই বিলকে পরাজিত করতে হবে।”
অন্যদিকে, তামিলনাড়ুর স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না বলে পাল্টা বার্তা দিয়েছেন স্ট্যালিনও। ফলে মমতা-রাহুলদের এই শেষ মুহূর্তের দৌত্য শরিকদের মন গলাতে পারে কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।