সিকিমে ঢুকতে এবার গুনতে হবে বাড়তি টাকা! জেনে নিন নতুন রেট চার্ট

শীতের মরশুমে সিকিম ভ্রমণে যান বহু পর্যটক। পাহাড় ও তুষারের মেলবন্ধনে ভরা এই রাজ্যে বেড়ানোর খরচ ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বাড়তে চলেছে। গত ২৩ নভেম্বর গাড়ির বর্ধিত রেট চার্ট প্রকাশ করেছে সিকিমের স্বরাষ্ট্র দপ্তর। এর ফলে নাথু-লা, ছাঙ্গু লেক, বাবা মন্দির, জুলুক বা লিংতামের মতো সংরক্ষিত বনাঞ্চল ও গন্তব্যে যেতে বাড়তি অর্থ খরচ করতে হবে।

সিকিম স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, চার চাকা গাড়ি, মোটর বাইক, টেম্পো ট্র্যাভেলার এবং বাসসহ চেকপোস্ট পেরোনো সব ধরনের যানবাহনকেই নির্দিষ্ট পারমিট ও ফি দিয়ে প্রবেশ করতে হবে। যানবাহনের আসনসংখ্যা এবং ইঞ্জিনের ক্ষমতার ওপর ভিত্তি করে এই প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে।

পাঁচ আসনের গাড়ির ক্ষেত্রে গ্যাংটক ও পাকিয়ং ডিভিশনে প্রবেশ মূল্য ১,৫০০ টাকা এবং মঙ্গন ডিভিশনে ১,২০০ টাকা ধার্য হয়েছে। ছয় থেকে দশ আসনের গাড়ি গ্যাংটক ও পাকিয়ংয়ে প্রবেশ করলে দিতে হবে ২,৫০০ টাকা এবং মঙ্গনের জন্য ১,৫০০ টাকা। এগারো থেকে পনেরো আসনের গাড়ির ক্ষেত্রে গ্যাংটক ও পাকিয়ংয়ের পারমিট ফি ৪,৫০০ টাকা এবং মঙ্গনের জন্য ২,৫০০ টাকা নির্ধারিত হয়েছে।

দু’চাকা যানে সিকিম ঘোরার ক্ষেত্রেও আলাদা ফি চালু হয়েছে। নির্দেশিকা অনুসারে, ব্যক্তিগত মোটর বাইকের প্রবেশ মূল্য ৭৫০ টাকা এবং পিছনে সহযাত্রী থাকলে অতিরিক্ত ৩৫০ টাকা দিতে হবে। সিকিমের স্থানীয় ট্যাক্সি বাইকের ক্ষেত্রে চালকের ফি ৩৫০ টাকা ও পিছনের যাত্রীর জন্য অতিরিক্ত ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিকিমের স্থায়ী বাসিন্দাদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে; এর জন্য সিকিম সাবজেক্ট সার্টিফিকেট, সার্টিফিকেট অফ আইডেন্টিফিকেশন (COI), রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা ভোটার কার্ড দেখাতে হবে।

সাংলাং ও ফেদাং হয়ে জ়ংকুতে ভ্রমণের ক্ষেত্রেও অনলাইনে পারমিট নিতে হবে, যদিও এর জন্য কোনও সার্ভিস চার্জ নেওয়া হবে না। পাশাপাশি সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে চুক্তি অনুযায়ী চলা বাণিজ্যিক যাত্রীবাহী যানবাহনকেও কোনও প্রবেশ মূল্য দিতে হবে না এবং সেগুলি আগের নিয়মেই চলাচল করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *