প্রেম করে বিয়ে মেয়ের, জামাইয়ের বাড়িতে বোমাবাজি শ্বশুরের? ঘটনায় চাঞ্চল্য

প্রেম করে বিয়ে করার ক্ষোভ থেকেই জামাই জসীমউদ্দিন খানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল স্ত্রী আয়েশা সরকারের বাবা ও কাকার বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ধাইখন্ড গ্রামের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আয়েশার বাবা আসগর সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ধাইখন্ডে জসীমউদ্দিনের বাড়ি এবং পাশের খুড়শি গ্রামে আয়েশার বাপের বাড়ি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত অক্টোবরে তাঁরা বিয়ে করেন। অভিযোগ, এই প্রেমের বিয়ে মেনে নিতে পারেননি আয়েশার বাড়ির লোকজন। দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

এর পরেও স্বামীর সঙ্গেই থাকতে চান আয়েশা এবং বাবার বাড়িতে ফিরে যাননি বলে জানা গেছে। অভিযোগ, এর জেরেই বৃহস্পতিবার রাত ১টা নাগাদ একদল লোক জসীমউদ্দিনের বাড়িতে হানা দেয়। বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। জসীমউদ্দিনের দাবি, আসগর সরকার লোকজন নিয়ে এই হামলা চালিয়েছেন এবং তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল।

তবে বোমাবাজি ও হুমকির সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন আয়েশার বাবা আসগর সরকার। তাঁর দাবি, মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালোই রয়েছে; তিনি মেয়ের শ্বশুরবাড়িতে গেলে সেখানকার লোকজন তাঁকে বসিয়ে রেখে সরে যান। সম্পর্কে তিক্ততার জন্য জসীমউদ্দিনের দিকেই পাল্টা অভিযোগ তুলেছেন তিনি।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, ঘটনাস্থল থেকে বোমা বা গুলির কোনও চিহ্ন মেলেনি এবং এখনও পর্যন্ত কোনও পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় বিজেপি নেতা নরেশ ঘোষ, বিষয়টি প্রশাসনের নজরে আনার কথাও জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *