হাসিনার দেশে ফেরার অধিকার নিয়ে মুখ খুললেন তসলিমা! কেন এমন অবস্থান?

বাংলাদেশের বিতাড়িত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার কথা জানিয়েছেন। এই প্রসঙ্গে দুদিন আগে লেখিকা তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হাসিনার দেশে ফেরার অধিকার আছে বলে জানান। কিন্তু হাসিনার সরকারও তো তসলিমাকে দেশে ফিরতে দেয়নি, তাহলে কেন হাসিনার পক্ষ নিচ্ছেন লেখিকা—এ বিষয়ে এক সাক্ষাৎকারে তসলিমা জানান যে তিনি মানবাধিকারের পক্ষে এবং যাঁরা একদা তাঁর মানবাধিকার লঙ্ঘন করেছেন, তিনি তাঁদেরও মানবাধিকারের পক্ষেই সওয়াল করবেন।
লেখিকা জানান যে তিনি হাসিনা সরকারের সমর্থনে পোস্ট দেননি, বরং তাঁর দেশে ফেরার ও ন্যায়বিচার পাওয়ার অধিকারের পক্ষে লিখেছেন। তাঁর কথায়, তাঁকে দেশে ফিরতে না দিয়ে হাসিনার সরকার অন্যায় করেছে এবং সেই অন্যায়ের শিকার হয়েছেন বলেই তিনি জানেন নিজের দেশে ফেরার অধিকার কেড়ে নেওয়ার যন্ত্রণা কতটা। তসলিমা মনে করেন, মানবাধিকার শুধু তাঁদের জন্য নয় যাঁরা তাঁর অধিকার স্বীকার করেন; যিনি তাঁর অধিকার অস্বীকার করেছেন তাঁরও মানবাধিকার আছে। তিনি হাসিনার অন্যায়ের বিচার চান, কিন্তু তাঁর প্রতি অন্যায় চান না।
তসলিমা আরও জানান যে হাসিনার বোধ ফিরেছে কি না তা তিনি জানেন না, তবে আশা করেন হাসিনা বুঝবেন নিজের দেশে ফেরার অধিকার তাঁর কাছে যতটা মূল্যবান অন্যের কাছেও ততটাই মূল্যবান। লেখিকার বক্তব্য, হাসিনা ক্ষমতায় থাকাকালীন তাঁকে দেশে ফিরতে দেননি এবং সেই অন্যায়ের জন্য তাঁর অনুশোচনা হওয়া উচিত। শুধু নিজের কষ্ট অনুভব করলেই বোধ ফেরে না, নিজের সিদ্ধান্তে অন্যের প্রতি যে অন্যায় হয়েছে তা স্বীকার করতে হয় এবং তার দায়ও নিতে হয়। তবে হাসিনার অনুশোচনা হোক বা না হোক, তাঁর মানবাধিকার তিনি অস্বীকার করেন না এবং করবেনও না, কারণ প্রতিহিংসার কাছে নিজের বিবেক বিসর্জন তিনি দেন না।