ইস্তফার দাবির মধ্যেই বড় দায়িত্বের মুখে জ্ঞানেশ কুমার? ডিলিমিটেশন বিলে কী প্রস্তাব?

এসআইআর বিতর্কের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি তুলেছিল বিরোধীরা। তাঁর বিরুদ্ধে ১৯৩ জন সাংসদ চিঠিও দিয়েছিলেন, কিন্তু সেই দাবি পূরণ হয়নি। উল্টে তিনি পেতে পারেন আরেকটি বড় দায়িত্ব। আসন্ন বিশেষ সংসদ অধিবেশনে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাশ হলে, ভারতের নতুন নির্বাচনী মানচিত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন জ্ঞানেশ কুমার। ডিলিমিটেশন বিল বা আসন পুনর্বিন্যাস বিল ২০২৬ গত এপ্রিল মাসে লোকসভায় আনা হয়েছিল। সেই সময় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিলটি পাশ করানো সম্ভব হয়নি। এদিকে বিভিন্ন রাজ্যের দাবি মেনে নতুন প্রস্তাবে বলা হয়েছে যে আসন পুনর্বিন্যাসে প্রতিটি রাজ্যেই আসন সংখ্যা ৫০ শতাংশ করে বাড়ানো হবে। পাশাপাশি আগামী ২৫ বছর ডিলিমিটেশন ফ্রিজ থাকবে, অর্থাৎ আগামী ২৫ বছর রাজ্যগুলির আসন সংখ্যায় কোনো পরিবর্তন হবে না। জানা গিয়েছে, আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া হলে তা একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে পরিচালিত হবে। কমিটির অন্য সদস্যদের মধ্যে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশন মনোনীত একজন নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট রাজ্য নির্বাচন কমিশনাররা। দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের মেয়াদ রয়েছে ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত। ২০২৯ সালে লোকসভা নির্বাচনও নির্ধারিত রয়েছে। আসন পুনর্বিন্যাসের পর লোকসভা নির্বাচন হলে তার আগেই ডিলিমিটেশন প্রক্রিয়া শেষ করতে হবে। আসন পুনর্বিন্যাস (দ্বিতীয়) বিল, ২০২৬-এ উল্লেখ রয়েছে যে কমিশনের মেয়াদ ঠিক করবে কেন্দ্রীয় সরকার। এই বিলে আরও বলা হয়েছে যে প্রতিটি রাজ্যের ক্ষেত্রে কমিশন তার দায়িত্ব পালনে সহায়তার জন্য ১০ জন সহযোগী সদস্যকে নিজেদের সঙ্গে যুক্ত করবে। এই ১০ জনের মধ্যে সংশ্লিষ্ট রাজ্য থেকে লোকসভার ৫ জন সাংসদ এবং ৫ জন বিধায়ক থাকবেন। তবে বিলে স্পষ্ট করা হয়েছে যে এই সহযোগী সদস্যদের ভোট দেওয়ার অধিকার থাকবে না এবং কমিশনের কোনো সিদ্ধান্তে স্বাক্ষর করার অধিকারও তাঁদের থাকবে না।