মাত্র ৩৭ বছর বয়সে প্রয়াত হাসনা ক্যাব্রাল! শোকের ছায়া বিনোদন জগতে

বিনোদন জগতে ফের দুঃসংবাদ। পিনয় বিগ ব্রাদার ওৎসো-এর প্রাক্তন প্রতিযোগী হাসনা ক্যাব্রাল আর নেই। ৩৭ বছর বয়সে অকালে চলে গেলেন তিনি। এই মর্মান্তিক খবরটি জানিয়েছে তাঁর পরিবার। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

অভিনেত্রীর পরিবার ফেসবুকে একটি পোস্টে জানিয়েছে, তাঁরা হাসনার অকাল মৃত্যুতে শোকাহত এবং তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখার অনুরোধ করেছে। পরিবার লিখেছে, তিনি সেই বিশ্রাম নিন যা তাঁর প্রাপ্য ছিল কিন্তু তিনি নিজে তা নিতে পারেননি, এবং যেভাবে জীবন উপভোগ করতেন সেভাবেই উপভোগ করুন।

হাসনা ক্যাব্রালের মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, স্ট্রোকের কারণে হাসনা ক্যাব্রাল মারা গেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফিলিপাইনের বিনোদন জগতে অবদানের জন্য পরিচিত ছিলেন ক্যাব্রাল। জনপ্রিয় রিয়েলিটি শোর প্রাক্তন প্রতিযোগী হিসেবে তিনি পরিচিতি পান এবং জনসমক্ষে থাকাকালীন বহু মানুষের জীবনে প্রভাব ফেলেন। ফিলিপিনো অভিনেত্রী হাসনা ক্যাব্রালের কর্মজীবন টেলিভিশন নাটক, রিয়েলিটি শো, ডিজিটাল প্রযোজনা এবং চলচ্চিত্র জুড়ে বিস্তৃত ছিল। অভিনয়ে আসার আগে ২০১৯ সালে পিনয় বিগ ব্রাদার: ওৎসো-তে প্রতিযোগী হিসেবে তিনি প্রথম আলোচনায় আসেন।

তাঁর আইএমডিবি প্রোফাইল অনুসারে, ক্যাব্রাল লা ভিদা লেনা (২০২০-২০২১), হয় লাভ ইউ (২০২১), স্লিপ উইথ মি (২০২২) এবং পিরা-পিরাসং পারাইসো (২০২৩)-সহ একাধিক টেলিভিশন শো এবং দ্য লাস্ট ১২ ডেজ (২০২৪) ও পোস্টহাউস (২০২৫)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। হাসনা উসমান নামেও পরিচিত এই অভিনেত্রী বিভিন্ন ঘরানার প্রকল্পে কাজ করে নিজের কাজের তালিকা সমৃদ্ধ করেছেন। তাঁর আইএমডিবি প্রোফাইলে টেলিভিশন ও চলচ্চিত্র মিলিয়ে ২০টিরও বেশি কাজের তালিকা রয়েছে, যা রিয়েলিটি টেলিভিশন থেকে চিত্রনাট্যভিত্তিক বিনোদনে তাঁর যাত্রাকে তুলে ধরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *