শিক্ষাব্যবস্থায় বড়সড় রদবদল! শুক্রবার আর ছুটি নয়, মাদ্রাসাগুলিকে কী নতুন নিয়ম মানতে বলল সরকার?

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একের পর এক পরিবর্তনের মধ্যেই এবার মাদ্রাসাগুলির ছুটির নিয়মে বড়সড় বদল আনা হল। শুক্রবার অর্থাৎ জুম্মাবারে আর ছুটি দেওয়া যাবে না—এই মর্মে রাজ্যের মাদ্রাসাগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর করতে বলা হয়েছে।

গত শুক্রবার, ২৭ নভেম্বর মাদ্রাসাগুলির উদ্দেশে এই কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, জুম্মাবারে মাদ্রাসা বন্ধ রাখা যাবে না। এখন থেকে শুধুমাত্র রবিবারই ছুটি থাকবে। রাজ্য সরকারের অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসাগুলিকে নির্ধারিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে কাজ করতে হবে।

এতদিন রাজ্যের অনেক মাদ্রাসায় শুক্রবার ছুটি দিয়ে রবিবার খোলা রাখা হতো। নতুন নির্দেশিকার ফলে সেই ব্যবস্থা আর চলবে না। সপ্তাহের বাকি দিনগুলিতে স্বাভাবিক পঠনপাঠন ও প্রশাসনিক কাজকর্ম চালু রাখতে হবে। শুধুমাত্র নির্দিষ্ট ধর্মীয় ছুটি বা প্রশাসনিক ছুটির ক্ষেত্রে এই নিয়মে ছাড় বা ব্যতিক্রম রাখা হয়েছে।

সাধারণত শুক্রবারে ইসলাম ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনার কারণে অনেক মাদ্রাসায় ওই দিন ছুটি দেওয়া হতো এবং তার পরিবর্তে রবিবার ক্লাস ও পঠনপাঠন চলত। নতুন নিয়মে সেই রীতি বদলে শুধুমাত্র রবিবার সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বর মাসে রাজ্যের একাধিক অনুমোদনহীন মাদ্রাসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার। প্রয়োজনীয় নথিপত্রের অভাব, পরিকাঠামোর ঘাটতি, শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ার সংখ্যায় অসঙ্গতি এবং তহবিলের উৎস নিয়ে অভিযোগের ভিত্তিতে রাজ্যের ২২টি জেলার ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তার পরপরই এবার অনুমোদিত মাদ্রাসাগুলির সাপ্তাহিক ছুটির দিন নিয়ে নতুন নির্দেশিকা সামনে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *