রবীন্দ্র সরোবরে বসছে আন্তর্জাতিক রোয়িংয়ের আসর! অংশ নিচ্ছেন যুক্তরাজ্য, নিউজিল্যান্ড-সহ একাধিক দেশের তারকারা

এশিয়ার প্রথম রোয়িং ক্লাব তৈরি হয়েছিল শহর কলকাতার বুকে। কিন্তু ১৬৮ বছরের পুরনো সেই ঐতিহ্যবাহী ক্যালকাটা রোয়িং ক্লাবেই নেই আন্তর্জাতিক মানের ২ হাজার মিটারের লেন। এবার সেই আন্তর্জাতিক মানের রোয়িং এরিনা তৈরি করতেই উত্তরবঙ্গমুখী হতে চলেছে ক্যালকাটা রোয়িং ক্লাব।
দার্জিলিঙের গজলডোবায় রোয়িং এরিনা তৈরি করতে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের দ্বারস্থ হয়েছে ক্যালকাটা রোয়িং ক্লাব। মন্ত্রী এ ব্যাপারে সাহায্যের আশ্বাস দিয়ে লিখিত প্রস্তাব চেয়েছেন বলে জানিয়েছেন ক্লাবের সচিব চন্দন রায়চৌধুরী। প্রসঙ্গত, ক্যালকাটা রোয়িং ক্লাবের উদ্যোগে রবীন্দ্র সরোবর লেকে রোয়িং হয়ে থাকে, কিন্তু তার দৈর্ঘ্য মাত্র ১ হাজার মিটার—যা জাতীয় কিংবা আন্তর্জাতিক মাপকাঠির অর্ধেক। লেকের মাঝ বরাবর একটি ঝুলন্ত সেতু থাকায় সেখানে ২ হাজার মিটারের লেন তৈরি করা সম্ভব হচ্ছে না।
রবীন্দ্র সরোবরে আন্তর্জাতিক রোয়িং প্রতিযোগিতা অন্যদিকে, আগামী ১ থেকে ৫ ডিসেম্বর রবীন্দ্র সরোবরে বসতে চলেছে আন্তর্জাতিক রোয়িং প্রতিযোগিতার আসর। ক্যালকাটা রোয়িং ক্লাবের উদ্যোগে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ রেগাট্টা ২০২৬-এ অংশ নিচ্ছেন প্রায় শতাধিক পুরুষ ও মহিলা রোয়ার। এবারের প্রতিযোগিতার থিম রাখা হয়েছে ‘পাওয়ার অফ ফ্রেন্ডশিপ’। আগামী মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী ডঃ স্বপন দাশগুপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ।
যুক্তরাজ্য, সুইডেন, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ক্রোয়েশিয়া, হংকং এবং চিনের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন এই আসরে। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় বয়স ভিত্তিক পর্যায়ে ওপেন, মাস্টার্স ও সুপার মাস্টার্স—এই তিনটি বিভাগ রয়েছে। পাশাপাশি চারটি ক্যাটেগরি হল সিঙ্গল স্কালস (১এক্স), ডাবল স্কালস (২এক্স), পেয়ার্স (২-) এবং ফোর্স (৪-/৪+)। বৃহস্পতিবার প্রতিযোগিতার ঘোষণার অনুষ্ঠানে ক্লাব সচিব চন্দন রায়চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লব কুমার দত্ত ও দীপঙ্কর ঘোষ-সহ অন্যান্য আধিকারিকরা।