‘মাথা ফেটে গিয়েছে, টাকা চাই!’ তরুণীর কথায় বিশ্বাস করে সর্বস্বান্ত বৃদ্ধ, তদন্তে সাইবার সেল

স্ত্রী মারা গিয়েছেন অনেকদিন। একাকিত্ব সহ্য করতে না পেরে গত বছর নভেম্বরেই ম্যাট্রিমনিয়াল অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলেন এক বৃদ্ধ। সেই অ্যাপ থেকেই প্রতারিত হয়ে ১২ লক্ষ টাকারও বেশি খোয়াতে হল তাঁকে। মধ্যপ্রদেশের রেওয়ায় সাইবার প্রতারণার এই ঘটনায় চমকে গিয়েছেন অনেকেই।

ওই ম্যাট্রিমনিয়াল অ্যাপে এক তরুণী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ৭৪ বছর বয়সি ওই বৃদ্ধের আবেদনে সাড়া দেন এবং নিজের পরিচয় দেন সরস্বতী উপাধ্যায় নামে। প্রথমে তিনি বৃদ্ধকে ফোন করেন; প্রোফাইল থেকে কথাবার্তা গড়ায় ফোনালাপে। তরুণী নিজেকে উজ্জ্বয়িনীর বাসিন্দা বলে পরিচয় দেন এবং এখান থেকেই শুরু হয় প্রতারণার ফাঁদ। মিষ্টি কথায় ওই বৃদ্ধকে একরকম হাত করে ফেলেন তিনি।

এর বেশ কিছুদিন পর হঠাৎ অন্য একটি নম্বর থেকে বৃদ্ধের কাছে ফোন আসে। অন্য এক ব্যক্তি তাঁকে জানান যে সরস্বতীর মাথা ফেটে গিয়েছে, তিনি অসুস্থ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাঁর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। সরস্বতী অসুস্থ শুনে বৃদ্ধ একবারও কিছু না ভেবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পেটিএম থেকে ধাপে ধাপে টাকা পাঠাতে শুরু করেন।

এভাবে চিকিৎসার নামে মোট ১২ লক্ষ ১১ হাজার টাকা দিয়েছিলেন বৃদ্ধ। এত টাকা দেওয়ার পরেও তাঁর মনে কোনও সন্দেহ জাগেনি। এরপর হঠাৎ একদিন ফোন আসা বন্ধ হয়ে যায়। যে ব্যক্তি টাকা চেয়ে ফোন করছিলেন বা সরস্বতী নামের ওই তরুণী—কেউই আর ফোন না করায় প্রথম সন্দেহ হয় বৃদ্ধের। তিনি নিজে সরস্বতীর নম্বরে বারবার কল করলেও দেখা যায় তা সুইচড অফ, এমনকি চিকিৎসার জন্য টাকা চাওয়া ব্যক্তির ফোনও বন্ধ।

তখনই বৃদ্ধ বুঝতে পারেন তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। দেরি না করে তিনি সাইবার হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করেন। তাঁর অভিযোগ জিরো এফআইআর হিসেবে দায়ের করা হয় এবং পরে মামলাটি পাঠানো হয় বিশ্ববিদ্যালয় থানায়।

বিশ্ববিদ্যালয় থানার ইনচার্জ হিতেন্দ্র নাথ শর্মা জানান, “ওই বৃদ্ধ অভিযোগ দায়ের করেছেন। সাইবার সেলের সাহায্য নিয়ে অ্যাকাউন্ট সংক্রান্ত সব তথ্য জোগাড় করা হচ্ছে। সব কিছু হাতে এলেই পদক্ষেপ করা হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *