সারা জীবনের সঞ্চয় না ভেঙে কীভাবে কম খরচে জমকালো বিয়ের আয়োজন করবেন?

বিয়ে মানেই এলাহি আয়োজন, আলোকসজ্জা, নামি কমিউনিটি সেন্টার আর অতিথিদের জন্য বাহারি খাবার, এমন ধারণা অনেকেরই রয়েছে। তবে বিয়ে জীবনের বিশেষ অধ্যায় হলেও এই একটি দিনের আনন্দ উদযাপন করতে গিয়ে সারা জীবনের সঞ্চয় শেষ করে ফেলার প্রয়োজন নেই। বরং সঠিক পরিকল্পনা, বুদ্ধিদীপ্ত কেনাকাটা আর অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললেই সীমিত বাজেটে সুন্দর একটি বিয়ের আয়োজন করা সম্ভব।
বিয়ের আসল আনন্দ আয়োজনের জাঁকজমকে নয়, বরং প্রিয় মানুষদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার মধ্যে লুকিয়ে থাকে। তাই বাজেট কম হলেও চিন্তার কিছু নেই। জেনে নিন, কীভাবে কম খরচে পরিকল্পিত বিয়ের আয়োজন করবেন।
প্রথমেই একটি বাস্তবসম্মত বাজেট ঠিক করুন। মোট কত টাকা খরচ করতে পারবেন, তা আগেভাগে নির্ধারণ না করলে কেনাকাটার সময় একের পর এক খরচ বাড়তে থাকে। শুরুতেই পোশাক, গয়না, খাবার, ভেন্যু, সাজসজ্জা, ফটোগ্রাফি ও অন্যান্য খাতের জন্য আলাদা বরাদ্দ রাখুন। প্রতিটি খাতে সম্ভাব্য খরচের তালিকা তৈরি করে সেই সীমার মধ্যেই থাকার চেষ্টা করুন। পাশাপাশি হঠাৎ কোনও জরুরি খরচ সামনে এলে সামলানোর জন্য আলাদা কিছু অর্থ হাতে রাখুন।
অতিথির তালিকা ছোট রাখুন। বিয়ের মোট খরচের বড় অংশ নির্ভর করে অতিথির সংখ্যার ওপর। অতিথি যত বাড়বে, খাবার, বসার ব্যবস্থা ও ভেন্যুর খরচও তত বাড়বে। তাই পরিচিত সবাইকে না ডেকে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও কাছের বন্ধুদের নিয়ে অনুষ্ঠান করলে পরিবেশ যেমন আন্তরিক থাকে, তেমনি খরচও অনেকটা কমে।
বাড়ি বা ছোট ভেন্যু বেছে নিন। বড় কমিউনিটি সেন্টার বা বিলাসবহুল হোটেলে অনুষ্ঠান করলে ভাড়ার পেছনেই বিপুল টাকা চলে যায়। বাজেট সীমিত হলে বাড়ির ছাদ, নিজস্ব উঠান কিংবা ছোট কোনও কমিউনিটি হল বেছে নিতে পারেন। আত্মীয়স্বজনের বাড়িতে পর্যাপ্ত জায়গা থাকলে সেখানেও আয়োজন করা যায়। তবে জায়গা বেছে নেওয়ার আগে অতিথিদের বসার ব্যবস্থা, যাতায়াত ও অন্যান্য সুবিধার দিকগুলো খতিয়ে দেখুন। ছোট পরিসরে পরিপাটি করে সাজালেও অনুষ্ঠান দারুণ মানানসই হয়।
পোশাক ও গয়নায় বুদ্ধি করে খরচ করুন। মাত্র এক দিনের অনুষ্ঠানের জন্য অনেকেই পোশাকে বিপুল অর্থ ব্যয় করেন। একটু খোঁজখবর করলে তুলনামূলক কম দামে মানানসই পোশাক পাওয়া যায়। স্থানীয় বুটিক, অনলাইন শপ কিংবা পরিচিত ডিজাইনারদের কাছ থেকে পোশাক নিতে পারেন। পরিবারের পুরোনো শাড়ি বা গয়না নতুনভাবে গুছিয়ে পরলেও আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। এমন পোশাক বেছে নিন, যা বিয়ের পরও অন্য অনুষ্ঠানে পরা যাবে।
সাজসজ্জায় সৃজনশীলতা আনুন। মঞ্চ সাজাতে দামি ফুল, ঝাড়বাতি বা বিদেশি উপকরণের দরকার নেই। স্থানীয় ফুল, রঙিন কাপড়, কাগজের সাজসজ্জা ও হালকা আলো দিয়েই সুন্দর পরিবেশ তৈরি করা যায়। পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে নিজেরাই সাজসজ্জা করতে পারেন। তবে অতিরিক্ত জিনিস না জমিয়ে একটি নির্দিষ্ট রং বা থিম অনুসরণ করলে অল্প খরচেও অনুষ্ঠান গোছানো ও রুচিশীল দেখায়।
খাবারের মেনু সীমিত রাখুন। বিয়ের বড় খরচগুলোর একটি হলো খাবার। অতিথিদের আপ্যায়নে অনেক পদ রাখার বদলে কয়েকটি ভালো মানের খাবার রাখুন। যেমন পোলাও, মাংস, একটি সবজি বা সালাদ এবং মিষ্টি। খাবারের মান ও পরিমাণ ঠিক রাখুন। অতিথির সংখ্যার সাথে মিলিয়ে অর্ডার দিলে অপচয় কমবে। একাধিক ক্যাটারিংয়ের দর যাচাই করে সিদ্ধান্ত নিন।
ছবি ও ভিডিওর জন্য আগে থেকে পরিকল্পনা করুন। স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও জরুরি, তবে নামি ফটোগ্রাফার মানেই সেরা ছবি, এমন নয়। বাজেটের মধ্যে কাজ করেন এমন অভিজ্ঞ ফটোগ্রাফার বেছে নিন এবং আগে কাজের নমুনা দেখুন। পরিচিত কারও ফটোগ্রাফির দক্ষতা থাকলে তাঁর সাহায্যও নিতে পারেন, তবে গুরুত্বপূর্ণ মুহূর্ত যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখুন।
অপ্রয়োজনীয় খরচ বাদ দিন। লোকদেখানো প্রতিযোগিতা থেকে অনেক সময় বাড়তি খরচ হয়। বাড়তি অনুষ্ঠান, দামি উপহার বা অতিরিক্ত আলোকসজ্জা এড়িয়ে চলুন। দুই পরিবার আলোচনা করে প্রয়োজনীয় অনুষ্ঠানগুলোই রাখুন। ছাপানো কার্ডের বদলে ডিজিটাল আমন্ত্রণপত্র ব্যবহার করলে খরচ ও সময় দুটোই বাঁচে।
বিয়ে জীবনের নতুন শুরুর দিন। ঋণ করে বা সঞ্চয় ভেঙে লোকদেখানো আয়োজন না করে ভবিষ্যতের জন্য কিছু অর্থ বাঁচিয়ে রাখুন। কারণ এক দিনের জাঁকজমকের চেয়ে পরবর্তী জীবনের স্বস্তি ও নিরাপত্তা অনেক বেশি মূল্যবান।