২০২৭-এ করোনার চেয়েও বড় বিপদ? খাবার, জল ও ক্যাশ জমানোর পরামর্শ AI গবেষকের!

মানুষের দৈনন্দিন কাজ সহজ করলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভবিষ্যতে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক AI গবেষক। তাঁর দাবি, ২০২৭ সালে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যার প্রভাব করোনার মহামারির থেকেও ভয়াবহ হতে পারে। এমনকি আগাম সতর্কতা হিসেবে আমজনতাকে বাড়িতে খাবার, জল এবং নগদ টাকা মজুত রাখার পরামর্শও দিয়েছেন তিনি।

AI নিরাপত্তা নিয়ে কাজ করা ওই গবেষকের নাম নিকোলা জুরকোভিচ (Nikola Jurkovic)। তিনি METR নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত, যা অ্যাডভান্সড AI-এর সম্ভাব্য ঝুঁকি ও বিপদ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি খোলা চিঠিতে তিনি লিখেছেন, AI-এর ওপর মানুষের নিয়ন্ত্রণ ক্রমেই কমছে এবং এটি অত্যন্ত উদ্বেগজনক।

AI নিয়ে এত আশঙ্কার কারণ কী?

নিকোলার দাবি, চলতি বছরেই একাধিক ক্ষেত্রে AI ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম হ্যাক করার ঘটনা সামনে এসেছে। এখন পর্যন্ত বেশির ভাগ ক্ষেত্রে আর্থিক ক্ষতি হলেও আগামী বছর পরিস্থিতি আরও খারাপ রূপ নিতে পারে বলে আশঙ্কা তাঁর।

তাঁর মতে, AI মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি পরিষেবা ক্ষেত্রে বড় ধরনের হামলা হতে পারে। এমনকি অসাধু উদ্দেশ্যে কেউ AI-কে কাজে লাগিয়ে ভয়াবহ জৈব অস্ত্র তৈরির ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নিকোলার আশঙ্কা, ২০২৭ সালের মধ্যেই AI মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই AI নিজের সক্ষমতা নিজে থেকে বাড়াতে শিখছে বলে দাবি তাঁর। যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে AI এমন সিদ্ধান্ত নিতে পারে, যা মানবজাতির জন্য বিপজ্জনক হতে পারে। তাঁর অনুমান, ২০৩০ সালের আগেই মানবসভ্যতা বড় সংকটের মুখে পড়তে পারে এবং মানুষের অস্তিত্ব বা ক্ষমতা খর্ব হওয়ার আশঙ্কাও রয়েছে।

চাকরির বাজারে বড় ধাক্কার ইঙ্গিত

চাকরির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নিকোলা। তাঁর মতে, আগামী ১০ বছরের মধ্যে বর্তমানের বহু চাকরি আর না-ও থাকতে পারে। কম্পিউটারের সামনে বসে করা অধিকাংশ কাজ AI-এর মাধ্যমে অটোমেটেড হয়ে যেতে পারে এবং মানুষের জায়গায় অনেক কাজই করবে AI—ফলে বিশ্বজুড়ে বহু মানুষ কর্মসংস্থান হারাতে পারেন।

খাবার, জল ও নগদ টাকা জমানোর পরামর্শ

নিজের পরিবারসহ বিশ্বের মানুষকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন নিকোলা। তাঁর পরামর্শ অনুযায়ী, বাড়িতে অন্তত দু’সপ্তাহের খাবার ও পানীয় জল মজুত রাখা উচিত। পাশাপাশি হাতে নগদ অর্থ রাখাও জরুরি, কারণ বড় কোনো বিপর্যয়ের ক্ষেত্রে অনলাইন ব্যাঙ্কিং বা ডিজিটাল লেনদেন ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে।

কঠোর নিয়মের দাবি ও অন্যান্য বিশেষজ্ঞের মত

নিকোলার মতে, পরিস্থিতি সামলানোর সুযোগ এখনও রয়েছে, তবে তার জন্য সারা বিশ্বে AI তৈরির ক্ষেত্রে কঠোর নিয়ম চালু করা এবং এই প্রযুক্তির প্রতিযোগিতায় লাগাম টানা প্রয়োজন। এ বিষয়ে রাজনৈতিক নেতাদের দ্রুত নিয়ন্ত্রক কাঠামো তৈরির দাবি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, AI-এর ঝুঁকি নিয়ে আগেও সতর্ক করেছেন প্রযুক্তি জগতের বিশিষ্ট বিশেষজ্ঞ ইয়োশুয়া বেনজিও এবং জিওফ্রে হিন্টন। তাঁদের মতে, AI-এর ক্ষমতা ও ব্যবহারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা না গেলে ভবিষ্যতে বড় সংকট তৈরি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *