কার্শিয়াং-দার্জিলিং রোপওয়ে থেকে ১০ হাজার ই-যান! গড়করির সঙ্গে বৈঠকে বাংলার পরিকাঠামোয় বড় ঘোষণা

গঙ্গার উপর দিয়ে রোপওয়েতে এবার বেলুড় মঠ থেকে সরাসরি দক্ষিণেশ্বর পৌঁছনোর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগোচ্ছে। ইতিমধ্যেই এই প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ শুরু হয়েছে। এই রোপওয়ে চালু হলে দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্রের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসার পাশাপাশি কলকাতা ও সংলগ্ন এলাকার পর্যটন শিল্পেও নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে।
বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে রাজ্যের একাধিক রোপওয়ে প্রকল্প ও সড়ক পরিকাঠামোর উন্নয়ন নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রোপওয়ে প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, গত সাত দিন ধরে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। বাস্তবায়নের পথে থাকা একাধিক সমস্যার ইতিমধ্যেই সমাধান করা হয়েছে এবং বর্তমানে ডিপিআর তৈরির কাজ চলছে। প্রকল্পটি রূপায়িত হলে গঙ্গার উপর দিয়ে যাতায়াতের এক নতুন অভিজ্ঞতা পাবেন সাধারণ মানুষ ও দর্শনার্থীরা।
শুধু কলকাতা ও সংলগ্ন এলাকাই নয়, পাহাড়েও রোপওয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে তৈরির জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এতে পাহাড়ি এলাকায় পর্যটকদের যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি পাহাড়ের পর্যটন শিল্পেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
চার লেন, ছয় লেন ও জমি জট কাটানোর উদ্যোগ
নীতিন গড়করির সঙ্গে এদিনের বৈঠকে রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সমস্ত জেলা সদরকে চার লেনের সড়কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের একাধিক জাতীয় সড়ককে ছয় লেনে সম্প্রসারণ, নতুন সেতু নির্মাণ এবং রাস্তা তৈরির বিষয়েও কথা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, পরিকাঠামো উন্নয়নে জমি সংক্রান্ত জটিলতা যাতে বাধা না হয়ে দাঁড়ায়, সেজন্য গত ছয় মাসে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করেছে রাজ্য সরকার।
প্রতি মাসে বৈঠক, ছ’মাস অন্তর বাংলায় গড়করি
রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী। সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত এগোতে নিয়মিত পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এবার থেকে প্রতি মাসে রাজ্যের মুখ্যসচিব এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হবে। পাশাপাশি প্রতি ছয় মাস অন্তর পশ্চিমবঙ্গে একটি করে কর্মসূচিতে যোগ দেবেন নীতিন গড়করি। এদিন রাজ্যকে ১০ হাজার ইলেকট্রিক ভেহিকেল দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী, যা পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণ ও বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় সড়কের আওতা বাড়ানোর দাবি ও নতুন রোডম্যাপ
অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে জাতীয় সড়কের দৈর্ঘ্য কম বলেও বৈঠকে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সড়ককে জাতীয় সড়কের অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার কথা জানিয়েছেন তিনি। এর ফলে সড়ক পরিকাঠামো উন্নয়নে অর্থের জোগান সংক্রান্ত সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।
বৈঠকের পর পূর্ববর্তী সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাবের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সেই সমন্বয়ের অভাবেই পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়নে বঞ্চিত হয়েছে। তবে এবার কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রোডম্যাপ তৈরি হয়েছে বলে জানান তিনি। বেলুড় মঠ-দক্ষিণেশ্বর ও কার্শিয়াং-দার্জিলিং রোপওয়ে থেকে শুরু করে চার লেন ও ছয় লেনের রাস্তা এবং নতুন সেতু নির্মাণ—এই ঘোষণাগুলি কত দ্রুত বাস্তবের মাটিতে রূপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।