নতুন বছরের শুরুতেই বদলে যাচ্ছে স্কুলের বইয়ের নাম, কারা ঠিক করল এই নাম? জানালেন শিক্ষামন্ত্রী

রাজ্যে সরকার বদলের পর এ বার বদলে যাচ্ছে স্কুলপাঠ্যের নামও। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি বইয়ের নাম পরিবর্তন করা হচ্ছে বলে সূত্রের খবর। সিলেবাস পরিবর্তনের কথা আগেই সামনে এসেছিল; এ বার তার পাশাপাশি পাঠ্যবইয়ের নামও বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জানুয়ারি থেকে নতুন নামে বই হাতে পাবে ছাত্রছাত্রীরা।

এই প্রসঙ্গে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানান, পড়ুয়াদের আরও বেশি আকৃষ্ট করার লক্ষ্যেই এই নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামগুলো ছাত্রছাত্রীরা কীভাবে গ্রহণ করে, তা দেখার অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রীর কথায়, “মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কোনও মতামত রাখেননি। কোনও বক্তব্যও দেননি। কখনও আমাদের বিরোধিতাও করেননি। আমাদের সেন্সরও করেননি। আমি শিক্ষামন্ত্রী হিসেবে তাঁদের কাছে কোনও নামের প্রস্তাব করিনি। তাঁরা নিজেরা আলোচনা করে এই নামগুলো দিয়েছে।”

সূত্রের খবর, নতুন বছরের শুরুতেই অর্থাৎ ২০২৭ সালের ২ জানুয়ারি থেকে পড়ুয়াদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। ওই দিন থেকেই নতুন অ্যাটেনডেন্স সিস্টেম চালুর কথা রয়েছে। প্রায় ৩৫০টি টাইটেলের বই এবং প্রায় ১০ কোটি কপি নতুন করে ছাপা হচ্ছে।

তৃণমূল সরকারের আমলে তৈরি পাঠ্যবইয়ের নামগুলোই বদলানো হচ্ছে বলে জানা গিয়েছে। এর আগে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সিলেবাস কমিটি গঠিত হয়েছিল এবং পাঠ্যক্রমে একাধিক বিষয় যুক্ত করা হয়েছিল। নতুন সরকার আসার পর পাঠ্যক্রম ও ব্যবস্থাপনায় নানা বদল আনা হয়েছে।

আপাতত যে কয়েকটি পরিবর্তনের কথা জানা গিয়েছে, তার মধ্যে প্রথম শ্রেণির ‘আমার বই’-এর নতুন নাম হচ্ছে ‘নবপল্লব’। তৃতীয় শ্রেণির ‘পাতাবাহার’ বদলে হচ্ছে ‘নবাঙ্কুর’ এবং ষষ্ঠ শ্রেণির ইতিহাস বই ‘অতীত বা ঐতিহ্য’-এর নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘প্রাচীন ইতিহাস’।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *