জ্যামিং নয়, সরাসরি ধ্বংস! শত্রুর ড্রোন হানায় কড়া জবাব দিতে তৈরি ভারতের ‘ভার্গবাস্ত্র’

আধুনিক যুদ্ধের ময়দানে ক্রমশ বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে চালকবিহীন ড্রোন এবং একসঙ্গে ঝাঁকে ঝাঁকে আক্রমণ বা সোয়ার্ম অ্যাটাক। বিশেষ করে সীমান্ত এলাকায় একাধিক ড্রোন একযোগে হামলা চালালে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে বড় বিপদ তৈরি হতে পারে। সেই পরিস্থিতির মোকাবিলায় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ করল দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা।

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি দুই স্তরবিশিষ্ট কাউন্টার-সোয়র্ম ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ‘ভার্গবাস্ত্র’-এর উন্নয়নমূলক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে গত ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা চালানো হয়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যবস্থা একসঙ্গে একাধিক শত্রু ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম বলে জানানো হয়েছে।

এই প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড (SDAL)। ‘ভার্গবাস্ত্র’ মূলত একটি মোবাইল এবং যানবাহনে বহনযোগ্য বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুপক্ষের সাধারণ ড্রোন থেকে শুরু করে অস্ত্রবাহী আনম্যানড এরিয়াল ভেহিকল (UAV), লয়টারিং মিউনিশন এবং স্বয়ংক্রিয় ড্রোনের ঝাঁক মোকাবিলার কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। আধুনিক যুদ্ধে ড্রোনের ব্যবহার যেভাবে বাড়ছে, তাতে এই প্রযুক্তি ভারতের সামরিক সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

ভার্গবাস্ত্রের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর দুই স্তরের প্রতিরক্ষা কাঠামো। শত্রুপক্ষের ড্রোনের ধরন ও আক্রমণের পরিস্থিতি অনুযায়ী এতে দেশীয় প্রযুক্তিতে তৈরি আনগাইডেড রকেট এবং নির্ভুল মাইক্রো-মিসাইল ব্যবহার করা যায়। অর্থাৎ, এক ধরনের অস্ত্রের ওপর নির্ভর না করে বিভিন্ন ধরনের আকাশপথের হুমকি মোকাবিলার জন্য একাধিক স্তরে কাজ করতে পারে এটি এবং একই সময়ে একাধিক উড়ন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এ ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, ভার্গবাস্ত্র কাজ করে ‘হার্ড কিল’ প্রযুক্তিতে। অর্থাৎ, শত্রুপক্ষের ড্রোনের যোগাযোগ বা নেভিগেশন সিগন্যাল বন্ধ করে দেওয়ার পরিবর্তে সরাসরি আঘাত করে সেটিকে ধ্বংস করাই এর মূল লক্ষ্য। সাধারণত অনেক কাউন্টার-ড্রোন ব্যবস্থায় জ্যামিং প্রযুক্তির মাধ্যমে ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিঘ্নিত করা হয়। কিন্তু সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রোনের ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও সেগুলি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যেতে পারে; সেই জায়গায় সরাসরি ধ্বংস করার প্রযুক্তি বাড়তি সুবিধা দেয়।

অস্ত্রের ক্ষমতার পাশাপাশি ভার্গবাস্ত্রের নজরদারি ও শত্রু শনাক্ত করার প্রযুক্তিও বেশ উন্নত। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশেষ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, যা গোটা ব্যবস্থার মস্তিষ্ক হিসেবে কাজ করে। একাধিক সেন্সর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে শত্রুপক্ষের ড্রোনের অবস্থান, গতিবিধি এবং সম্ভাব্য আক্রমণের ধরন চিহ্নিত করতে পারে এটি।

এই ব্যবস্থায় এমন একটি রাডার রয়েছে, যা প্রায় ১০ কিলোমিটার দূর থেকে ড্রোন শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি রয়েছে ইলেকট্রো-অপটিক্যাল/ইনফ্রারেড (EO/IR) নজরদারি প্রযুক্তি এবং প্যাসিভ রেডিও ফ্রিকোয়েন্সি (RF) সেন্সর। এসব প্রযুক্তির সমন্বয়ে আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত করা, তার গতিবিধির ওপর নজর রাখা এবং সম্ভাব্য হুমকি চিহ্নিত করা সম্ভব। ড্রোন শনাক্ত হওয়ার পর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে লঞ্চার ব্যবস্থায় নির্দেশ পাঠানো হয় এবং দ্রুত প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে বহু ছোট ড্রোন বিভিন্ন দিক থেকে আক্রমণ চালালে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে ফেলা সম্ভব। সেই সুযোগে কয়েকটি ড্রোন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, অস্ত্রভাণ্ডার বা সীমান্তবর্তী পরিকাঠামোর ক্ষতি করতে পারে। ভার্গবাস্ত্রের মতো বিশেষভাবে তৈরি কাউন্টার-সোয়র্ম ব্যবস্থা এই ধরনের পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

পাশাপাশি ভারতের ভৌগোলিক পরিস্থিতির কথা মাথায় রেখেই ভার্গবাস্ত্র তৈরি করা হয়েছে। যানবাহনে বসানো যায় বলে প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই নিয়ে যাওয়া সম্ভব। মরুভূমি ও সমতলভূমি থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০০ মিটার উচ্চতার পার্বত্য এলাকাতেও এটি কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে। ফলে রাজস্থানের মরুভূমি থেকে শুরু করে হিমালয়ের উঁচু সীমান্ত—সব জায়গাতেই এই ব্যবস্থা কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *