২৬ আসনের প্রস্তাব ও ৫ প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ কংগ্রেস! ‘বেহেনজিকে সামনে আসতেই হবে’, মন্তব্য ইমরান মাসুদের

ভোটের জোট নিয়ে তুঙ্গে চর্চা। উত্তরপ্রদেশের আসন বণ্টন নিয়ে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির দফায় দফায় বৈঠক হলেও রফাসূত্র আসেনি; উল্টে বিবাদ বেড়েছে। এই পরিস্থিতিতে দেশের রাজনীতিতে জোর জল্পনা—সমাজবাদী পার্টির সঙ্গে সমাধান না পেয়ে এবার কি বহুজন সমাজ পার্টির (বিএসপি) দিকে ঝুঁকছে কংগ্রেস?
পাঁচজন প্রার্থীর তালিকা ঘোষণার পর সমাজবাদী পার্টি ও কংগ্রেসের আসন বণ্টন আলোচনা নিয়ে নতুন সমস্যা তৈরি হয়েছে। এর মাঝেই অখিলেশ যাদবের দল নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। তবে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি ইমরান মাসুদের মন্তব্য ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ইমরান মাসুদ বলেন, তাঁরা এখনো কোনো আলোচনাও করেননি। তাঁর কথায়, যাঁরা একই মতাদর্শের মানুষ এবং ধর্মনিরপেক্ষতার পতাকা ধরে রাখতে চান, তাঁদের একত্রিত হওয়া উচিত; তবে বেহেনজিকে (মায়াবতী) সামনে আসতেই হবে। বর্তমানে বহুজন সমাজ পার্টি এককভাবে উত্তরপ্রদেশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের জন্য সপা-কংগ্রেস জোটের পাশাপাশি এআইএমআইএম-এর ওয়াইসি এবং আজাদ সমাজ পার্টি (কাঁশীরাম)-এর চন্দ্রশেখর আজাদও জোট গঠন করেছেন।
দফায় দফায় বৈঠকের পরও সমাধানসূত্র না আসায় দুই দলের মতপার্থক্য প্রকাশ্যে আসছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সপা-র তরফে কংগ্রেসকে ২৬টি আসনের প্রাথমিক প্রস্তাব দেওয়া এবং আলোচনার মাঝেই পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। জোটের জট কাটাতে খোলা চিঠির মাধ্যমে আসন সংখ্যার বদলে জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব। তবে রাহুল গান্ধীর নিজের কেন্দ্রের বিধানসভাগুলি নিয়েও জট বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেস প্রথমে ১৭০ থেকে ১৮০টি আসন চাইলেও পরে দাবি কমিয়ে ১২০ থেকে ১৩০টির আশপাশে নামিয়ে আনে। কিন্তু দিল্লিতে জোটের বৈঠক চলাকালীনই সপা কংগ্রেসকে ২৬টি আসনের প্রস্তাব দেয় এবং পশ্চিম উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দুটি আসনসহ মোট পাঁচটি আসনে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করে।