গঙ্গার ওপর দিয়ে মিনিটেই বেলুড় মঠ, পাহাড়েও রোপওয়ে—রাজ্যের যোগাযোগে মেগা চমক

দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ—বাংলার দুই ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্র এ বার রোপওয়েতে জুড়তে চলেছে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যমাত্রা নিয়েছে নবান্ন। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই এই মেগা প্রকল্পগুলোতে অনুমোদন মিলেছে বলে জানা গিয়েছে।

শুধু গঙ্গাপারের এই দুই ধর্মীয় কেন্দ্রই নয়, পাহাড়ের যানজট কাটাতে কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে নির্মাণের পরিকল্পনায়ও সবুজ সংকেত দেওয়া হয়েছে। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব-সহ পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই কার্শিয়াং-দার্জিলিং রোপওয়ের অনুমোদন পাওয়া গিয়েছে এবং কিছুদিন আগেই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে তৈরির পরিকল্পনা শুরু হয়েছে।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে আগামী তিন বছরে রাজ্যের সড়ক মানচিত্র বদলে ফেলার কাজ হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআই-এর মান বজায় রেখে রাস্তাঘাট তৈরি ও সংস্কারের ওপর জোর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কলকাতা থেকে জেলার প্রান্তিক এলাকা পর্যন্ত যাতায়াত মসৃণ করতে বেহাল রাস্তা দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। সাময়িক সংস্কারের বদলে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানই লক্ষ্য। এর আগে কোলাঘাটে একাধিক জাতীয় সড়ক ও সেতুর জন্য দেড় লক্ষ কোটি টাকা মঞ্জুরের ঘোষণা করেছিলেন গড়করি; এ বার সেই তালিকায় যুক্ত হল বিকল্প যোগাযোগ মাধ্যম হিসেবে রোপওয়ে প্রকল্প।

বর্তমানে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের মধ্যে যাতায়াতের অন্যতম মাধ্যম জলপথ ও সড়কপথ। লঞ্চে গঙ্গা পেরিয়ে জলপথে ২.৭ কিলোমিটার যেতে সময় লাগে প্রায় ১৫ মিনিট। অন্যদিকে সড়কপথে রানি রাসমণি রোড, ২ নম্বর রাজ্য সড়ক ও জিটি রোড ধরে দূরত্ব দাঁড়ায় ৫.৮ কিলোমিটার, যেখানে ব্যস্ত সময়ে যানজটের জেরে ৩০ থেকে ৩৫ মিনিট পর্যন্ত লেগে যায়। রোপওয়ে চালু হলে গঙ্গার ওপর দিয়ে মাত্র কয়েক মিনিটেই দুই তীর্থক্ষেত্রে যাতায়াত করা সম্ভব হবে। তবে এই প্রকল্পের চূড়ান্ত খরচ ও কারিগরি দিক ডিটেলড প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরি হওয়ার পরেই স্পষ্ট হবে।

অন্য দিকে, কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের সড়কপথে দূরত্ব মাত্র ২১ কিলোমিটার হলেও পাহাড়ি রাস্তার সংকীর্ণতা ও যানজটের কারণে অনেক সময় চার থেকে পাঁচ ঘণ্টা লেগে যায়। পর্যটকদের সেই দীর্ঘদিনের ভোগান্তি কমাতেই রোপওয়ে প্রকল্পে গতি আনা হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের এই সমন্বয় বজায় থাকলে আগামী তিন বছরে রাজ্যের যাতায়াত ব্যবস্থার পাশাপাশি ধর্মীয় ও পাহাড়ি পর্যটনেও নতুন গতি আসবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *