শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, নতুন করে ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব! চাপে বাংলাদেশের পোশাক খাত

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন ঘিরে কদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এর মধ্যেই বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বৃদ্ধির প্রস্তাব এই পরিস্থিতিতে বাড়তি চাপ তৈরি করেছে। একদিকে দেশের ভেতরে শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ হচ্ছে ও সড়কে বিক্ষোভ চলছে, অন্যদিকে দেশের বাইরে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় বা ইউএসটিআর-এর নতুন শুল্ক প্রস্তাব। সব মিলিয়ে তৈরি পোশাক খাতে চাপ ও অনিশ্চয়তা বেড়েছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একদল পোশাক শ্রমিক মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। বিশৃঙ্খলার শঙ্কায় গাজীপুরের নাওজোড়, ভোগড়া বাইপাস ও কোনাবাড়িসহ বিভিন্ন এলাকার বহু কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। এদিকে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের আগামী শনিবার থেকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এই অস্থিরতার মধ্যেই বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ইউএসটিআর। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি ৪ দশমিক ৫৭ শতাংশ কমেছে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, মার্কিন শুল্কের বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার অংশ এবং এ নিয়ে সমঝোতার চেষ্টা করা হবে; আগামী ২৫ জানুয়ারি এ সংক্রান্ত হিয়ারিংয়ে কথা বলার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
গত ১১ মার্চ ১৬টি দেশের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন নীতি নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর, যা নভেম্বরে প্রস্তাব পর্যায়ে এসেছে। জনমত গ্রহণ ও আলোচনার পর চূড়ান্ত হার নির্ধারণ হবে। বর্তমানে অতিরিক্ত ১০ শতাংশ শুল্কসহ বাংলাদেশকে মোট ২৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক দিতে হয়। এই তালিকায় চীন সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনাম সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাবের মুখে পড়েছে; অন্য দেশগুলোর ক্ষেত্রে ২০ বা ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। শ্রমিকের অধিকার ও সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা না নেওয়া, রপ্তানি প্রণোদনা এবং বাজারব্যবস্থায় বাধা সৃষ্টিকারী আর্থিক নীতির মতো অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।
পোশাক খাত সংশ্লিষ্টদের মতে, শ্রমিক অসন্তোষ ও বাড়তি শুল্ক—উভয়ই খাতটিকে চাপে ফেলছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জ্বালানির দাম বৃদ্ধি, বাড়তি শুল্ক ও শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হলে বিদেশি ক্রেতারা বিকল্প দেশ খুঁজতে পারেন। অতীতে শ্রীলঙ্কার অস্থিরতার সময় যেমন ক্রেতারা বাংলাদেশের দিকে ঝুঁকেছিলেন, তেমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, শুল্ক প্রস্তাব ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি আলাদা। সংশোধিত শ্রম আইন অনুযায়ী প্রতি তিন বছর পরপর নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের কথা; সর্বশেষ ২০২৩ সালে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। তাঁর মতে, বর্তমান সংকটের মূলে রয়েছে খাতের কাঠামোগত দুর্বলতা ও কম মজুরির ওপর নির্ভরশীলতা। চীনের পণ্য ইউরোপের বাজারে ঢুকে পড়ায় সেখানেও চাপ বাড়ছে বলে উল্লেখ করে বাজার, পণ্য ও বিনিয়োগ বহুমুখীকরণের ওপর জোর দেন তিনি।
তবে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল মনে করেন, এখনই অতিরিক্ত শঙ্কিত হওয়ার কারণ নেই। আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে আইন অনুযায়ী এটি কার্যকর হওয়ার কথা থাকলেও প্রস্তাবে টিআরকিউ সুবিধার আওতায় মার্কিন কটন ব্যবহারে শুল্কমুক্ত সুবিধা রাখার সুযোগ রয়েছে বলে জানান তিনি। ভারত বা ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশ এই সুবিধা না পেলে বাংলাদেশ কটন ও উচ্চমূল্যের পণ্যের ক্ষেত্রে কিছুটা সুবিধা নিতে পারে বলেও মত তাঁর। বিশ্লেষকদের মতে, প্রস্তাব পর্যায়ে থাকা এই শুল্ক নিয়ে আলোচনা ও শ্রম সুরক্ষা ও মজুরি কাঠামোয় সংস্কারের প্রমাণ দিতে পারলে ছাড় আদায়ের সুযোগও রয়েছে।