ট্রাভেল এজেন্সি ও বিমার টাকা হাতাতেই কি এই ভয়ঙ্কর ষড়যন্ত্র? জিম প্রশিক্ষককেও খুঁজছে পুলিশ

স্বামী-সন্তানের চেয়েও সম্পত্তির লোভ বড় হয়ে দাঁড়াল। ইন্দ্রপুরমে স্বামীকে হত্যার ষড়যন্ত্রে গ্রেফতার হওয়া এক মহিলার জবানবন্দি শুনে স্তম্ভিত অনেকেই। কোটি কোটি টাকার সম্পত্তির লোভ এবং বিমার ২ কোটি টাকা পেতে স্বামী, ছেলে আর ভাইপোকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিলেন স্ত্রী। রেণু ভাটনাগর নামে অভিযুক্ত ওই মহিলাকে বুধবারই গ্রেফতার করেছে ইন্দ্রপুরম পুলিশ।

ইন্দ্রপুরমের বসুন্ধরার বাসিন্দা এবং ওই মহিলার স্বামী সুশীল ভাটনাগর তাঁর স্ত্রী, শাশুড়ি লতা সাক্সেনা এবং শ্যালক রবি সাক্সেনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। সুশীল গিরধর নামে আরও এক আত্মীয় এবং জিম প্রশিক্ষক বাবলু নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন সুশীল।

অভিযোগে তিনি বলেছেন, তাঁকে, তাঁর ছেলে বংশ ভাটনাগর এবং ভাইপো দেব ভাটনাগরকে সীসা জাতীয় বিষ দিয়ে মারতে চেয়েছিলেন তাঁর স্ত্রী রেণু। মেডিক্যাল রিপোর্ট থেকে জানা গিয়েছে, পরীক্ষা করে তাঁদের প্রত্যেকের শরীরেই সীসার উপস্থিতি পাওয়া গিয়েছে।

ইন্দ্রপুরমের এসিপি অভয় রাজেন্দ্র দাগা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় রেণু নিজেই পুলিশকে বলেছেন যে তাঁর স্বামীর একটি ট্রাভেল এজেন্সি রয়েছে, যার মূল্য ৫ থেকে ৬ কোটি টাকা এবং একটি বিমা করা রয়েছে, যার মূল্য ২ কোটি টাকা। বিমাপত্রে নমিনি হিসেবে স্ত্রীর নামই উল্লেখ রয়েছে। পুলিশের দাবি, রেণু ধীরে ধীরে স্বামীকে সীসা দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলেন। তাঁর ধারণা ছিল, স্বামীর মৃত্যু হলে সম্পত্তি চলে আসবে তাঁর হাতে। তাই নিয়মিত স্বামী, ছেলে ও ভাইপোর খাবারে মিশিয়ে সীসা খাওয়াতেন তিনি।

এ ছাড়া স্থানীয় এক জিম প্রশিক্ষক বাবলুর সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন রেণু। এই খুনের ষড়যন্ত্রে বাবলুর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের বক্তব্য, রেণু ধীরে ধীরে স্বামী, সন্তান ও ভাইপোকে মেরে পুরো সম্পত্তি হাতানোরই ছক কষেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *