লুকানো রেকর্ড থেকে গ্লোবাল গেমিংয়ে: ছেলের হাত ধরে কীভাবে ফিরে এল ‘আজ শনিবার’?

১৯৮২ সালে যে গানের অ্যালবাম শ্রোতাদের কাছে প্রায় অচেনাই থেকে গিয়েছিল, চার দশকেরও বেশি সময় পেরিয়ে আজ সেই অ্যালবামের গানই আন্তর্জাতিক সঙ্গীতপ্রেমী থেকে নতুন প্রজন্মের শ্রোতাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয় ভিডিয়ো গেম ‘গ্র্যান্ড থেফ্ট অটো সিক্স’ বা জিটিএ সিক্স-এর ওয়ার্ল্ডওয়াইড এফএম রেডিয়ো স্টেশনে জায়গা করে নিয়েছে ‘আজ শনিবার’ শীর্ষক চার লাইনের এই বাংলা গান। গানটির শিল্পী রূপা বিশ্বাস সেন নতুন করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে এসেছেন। এই দীর্ঘ জার্নি, পুরনো স্মৃতি ও বর্তমান অনুভূতি নিয়ে খোলামেলা কথা বললেন তিনি।
আন্তর্জাতিক স্তরে বাংলা গানের এই স্বীকৃতিতে ভীষণ খুশি রূপা। তবে এই আনন্দের মাঝেই একটি গভীর শূন্যতা অনুভব করেন তিনি। রূপার কথায়, এই রেকর্ডের নেপথ্যে যাঁদের সবচেয়ে বড় অবদান ছিল, আজ তাঁদের কেউই বেঁচে নেই। প্রয়াত বাবা ম্যাজিস্ট্রেট রথীন্দ্র কুমার বিশ্বাস গান নিয়ে তাঁকে প্রবল উৎসাহ দিতেন, মা সবিতা বিশ্বাস ছিলেন তাঁর প্রথম গুরু। আর দুই দাদা—ছোট দাদা চন্দন কুমার বিশ্বাস এবং বছরখানেক আগে প্রয়াত বড় দাদা তিলক কুমার বিশ্বাস—এই রেকর্ডের স্পনসর করেছিলেন। বাবার অনুপস্থিতিতে দাদাদের কাছেই সব আবদার করতেন তিনি। তাই আজ এত বড় সাফল্যের দিনে মনে হচ্ছে, তাঁরা থাকলে আনন্দটা আরও বহুগুণ বেড়ে যেত।
১৯৮২ সালের রেকর্ডিংয়ের দিনগুলোর কথা বলতে গিয়ে উঠে এল নানা মজার স্মৃতি। দাদার ড্রয়িং রুমেই গানটি লেখা, সুর দেওয়া ও শেখানো হয়েছিল। এক সপ্তাহের মধ্যে শেখা ও রেকর্ডিং—সবই হয়ে যায়। কানাডায় তখন অ্যালবামের কভারের লাল পোশাকের মাপ খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে। বড়সড় চেহারার মানুষের ভিড়ে চিলড্রেনস সেকশন থেকেই শেষমেশ মনের মতো ড্রেস মেলে। এমনকি বড় চুল ছোট করতেও হয়েছিল সে সময়। রেকর্ডিং স্টুডিয়োতে বিশাল মঞ্চে দাঁড়িয়ে কর্ডহীন মাইক্রোফোন দেখে ছোট্ট রূপা অবাক হয়ে বলে বসেন, মাইক্রোফোনটা ভাঙা। তখন উপস্থিত সবাই হেসে ওঠেন, কারণ কর্ড ছাড়া মাইক্রোফোন সম্পর্কে তখন তাঁর কোনো ধারণাই ছিল না।
গানটি নতুন করে রেকর্ড বা রিমেক হলে তাতে তাঁর কোনো আপত্তি নেই বলে জানান রূপা। বর্তমানে তিনি ইউনাইটেড ইভেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও কেউ রিমেক করতে চাইলে স্বাগত জানান। তাঁর মতে, মাত্র চার লাইনের এই গানের কথা আরেকটু বাড়ানো গেলে ভালো হতো, আর বর্তমান কণ্ঠের সঙ্গে সামঞ্জস্য রেখে সামান্য বদল আনা যেতেই পারে। গানটি নিয়ে আলোচনা বা ট্রোল—সবকিছুকেই ইতিবাচকভাবে দেখছেন তিনি। মূল সুর ধরে রেখে গানটি মানুষের কাছে পৌঁছানোই তাঁর কাছে সবচেয়ে বড় পাওয়া।
চল্লিশ বছর পর গানের এই ফেরা তাঁর কাছে ঈশ্বরের আশীর্বাদের মতো। সুর, লয়, বিটস আর কণ্ঠের সমন্বয়ে ভালো সৃষ্টি যে মানুষের মনে জায়গা করে নেয়, এটাই তার প্রমাণ। ছোটবেলায় মায়ের আঁচল ধরে ঘুরতে ঘুরতেই গানের হাতেখড়ি রূপার। মায়ের গাওয়া গান শুনে শুনে তুলে নেওয়ার অভ্যাস তখন থেকেই। পরে বিভিন্ন জায়গায় থাকার সুবাদে লালবাগে এক উস্তাদ এবং আলি মির্জা সাহেবের কাছেও তালিম নিয়েছেন।
১৯৮৪ সালে বিয়ের পরও রেডিও ও মঞ্চে গান চালিয়ে গেছেন তিনি, এমনকি স্বামীর সঙ্গে ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে গিয়েও গান গেয়েছেন। তবে স্বামীকে হারানোর পর কিছুদিন গানের জগৎ থেকে দূরে সরে যান। রূপার ভাষায়, তাঁর গানের দ্বিতীয় জন্ম হয়েছে ছেলে দেবায়নের হাত ধরে। ১৯৮৯ সালে জন্ম নেওয়া দেবায়ন একদিন দুর্গাপুজোর সময় বাড়ি পরিষ্কার করতে গিয়ে ট্রাঙ্কের ভেতর কালো প্যাকেটে মোড়া পুরনো রেকর্ডটি খুঁজে পায়। মায়ের কাছে সব জেনে আমেরিকায় থাকা মামার কথায় ইউটিউবে খোঁজ চালায় সে। সেখান থেকেই জানা যায়, অস্ট্রেলিয়ার সাংবাদিক নেট রেব রূপা বিশ্বাসকে খুঁজছেন এবং তাঁকে মৃত বলে ধরে নিয়েছেন। দেবায়নের উদ্যোগেই যোগাযোগ হয়। এরপর নেট রেবের পরামর্শে নিউ ইয়র্কের একটি গ্রুপের সঙ্গে চুক্তি হয় এবং ২০১৯ সালে রেকর্ডটি নতুন করে রি-ইস্যু করা হয়। বিদেশে দ্রুত ছড়িয়ে পড়ে গানটি, আর আজ তা পৌঁছে গেছে জিটিএ সিক্সে।
আশির দশকের গানের সঙ্গে আজকের গানের বড় পার্থক্য দেখেন রূপা। তখনকার মতো এত প্ল্যাটফর্ম না থাকলেও কথা ও সুরের গভীর সম্পর্ক এবং স্বতন্ত্রতা ছিল, যা তাঁর মতে ছিল স্বর্ণযুগ। তবে সেই যুগ পুরোপুরি হারিয়ে যায়নি বলেই বিশ্বাস তাঁর; যেমন রবীন্দ্রসঙ্গীত নতুনভাবে ফিরে এসেছে, তেমনই ভালো গানও ফিরবে। নতুন প্রজন্মের মধ্যে লতা মঙ্গেশকরের পাশাপাশি শ্রেয়া ঘোষালের গান তাঁর ভালো লাগে, যদিও কাউকে অন্ধভাবে অনুসরণ না করে নিজের স্বতন্ত্রতায় গাইতেই পছন্দ করেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ার ভূমিকা আজ অনস্বীকার্য। জিটিএ সিক্সের সুবাদে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর এই মুহূর্তকে বাঙালি হিসেবে গর্বের মনে করেন রূপা। এই বয়সেও প্লেব্যাক ও নতুন রেকর্ডিংয়ের ইচ্ছা পুষে রেখেছেন তিনি। শাস্ত্রীয়, বাংলা আধুনিক কিংবা হিন্দি—যেকোনো ধরনের ভালো গান পেলে গাইতে প্রস্তুত এই শিল্পী। তবে পুরো ফিরে আসার কৃতিত্ব তিনি অকপটে দিয়েছেন ছেলে দেবায়নকেই, যাঁর কৌতূহল না থাকলে হয়তো আজকের এই দিনটি দেখা হতো না।