বাংলাদেশে ফিরছেন দেশছাড়া নেতারা, ওপারে যেতে ভয় পাচ্ছেন এপারের ট্রাকচালকেরা! কী ঘটছে সীমান্তে?

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার বার্তার পরই আওয়ামি লিগের দেশছাড়া নেতাদের মধ্যে ঘরে ফেরার তৎপরতা শুরু হয়েছে বলে খবর। এই বার্তা পাওয়ার পর মালদার মহদিপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য তথা আওয়ামি লিগ নেতা হাবিবুর রহমান এবং তাঁর কর্মীরা। তাঁর দাবি, তাঁর মতোই বহু দেশছাড়া নেতা এবার ধীরে ধীরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে মহদিপুর সীমান্তে দু’দেশের নাগরিকদের যাতায়াতে বাড়তি ব্যস্ততা দেখা দিয়েছে। সীমান্ত পারাপার করা অনেকের মুখেই শেখ হাসিনার প্রসঙ্গ শোনা যাচ্ছে। একদিকে যেমন অনেকে বাংলাদেশ থেকে এ দেশে আসছেন, তেমনই অন্যদিকে কেউ কেউ ফিরছেন ওপারে। তবে বাংলাদেশে নতুন করে অস্থিরতার আশঙ্কায় সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে।

হাবিবুর রহমানের দাবি, নিরাপত্তার আশঙ্কায় গত দু’মাস তিনি বেঙ্গালুরু ও হায়দরাবাদে ছিলেন; নেত্রী দেশে ফেরার বার্তা পেয়েই তিনি ফিরছেন। অন্যদিকে, নতুন অস্থিরতার আশঙ্কায় পরিবারের সদস্যদের নিয়ে মালদায় আত্মীয়ের বাড়িতে চলে এসেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা ভানুরানি ঘোষ। তাঁর বক্তব্য, ওপারের পরিস্থিতি আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও নতুন করে অস্থিরতা ছড়াতে পারে বলে তাঁরা আতঙ্কিত।

যাতায়াতকারী ও সাধারণ মানুষের মধ্যে নানা মত দেখা যাচ্ছে। কেউ কেউ চাইছেন, বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় আসুক, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করুক। আবার কারও মতে, তাঁরা শেখ হাসিনাকেই ফের ক্ষমতায় দেখতে চান।

রাজনৈতিক আবহের পাশাপাশি সম্ভাব্য অস্থিরতার প্রভাব সীমান্ত বাণিজ্যেও পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মহদিপুর চেকপোস্ট সূত্রে জানা গেছে, আগে এই সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৫০ জন বৈধ পাসপোর্টধারী যাতায়াত করতেন; বর্তমানে তা বেড়ে প্রায় ২০০ থেকে ২২০ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি পণ্যবাহী ট্রাক চলাচল করে। পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও শুল্ক দফতর। ট্রাকচালক সমীর ঘোষ জানান, বাংলাদেশে গাড়ি নিয়ে যেতে এখন তাঁদের ভয় লাগছে এবং দ্রুত শান্তি ফিরলে তাঁরা নির্ভয়ে যাতায়াত করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *