মাইনাস ১৫ ডিগ্রিতেও কেবল শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়েছি’ নোটিস পেয়ে ক্ষুব্ধ সোনম ওয়াংচুক

লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের তরফে শো-কজ নোটিস পেলেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। শান্তি বজায় রাখার বন্ড (পিস বন্ড) কেন স্বাক্ষর করবেন না, তা ব্যাখ্যা করতে তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের সংবিধান দিবসেই এই সমন পাওয়ায় কটাক্ষ করে সামাজিক মাধ্যম এক্স-এ (X) নিজের অবস্থান স্পষ্ট করেছেন ওয়াংচুক।

প্রশাসনের অভিযোগ কী? লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল (LAHDC), লেহ-এর সাধারণ নির্বাচন ঘোষিত হওয়ায় বর্তমানে আদর্শ আচরণবিধি বলবৎ রয়েছে। নির্বাচন সংক্রান্ত বিধি অনুযায়ী, ফল ঘোষণার আগে পর্যন্ত নির্বাচন আধিকারিক ও নির্ধারিত পুলিশ আধিকারিকরা কমিশনের ডেপুটেশনে আছেন বলে গণ্য হন। এই প্রেক্ষাপটে নির্বাচনের সময় লেহ জেলায় শান্তিভঙ্গ বা জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে মনে করে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১২৬ নম্বর ধারায় পদক্ষেপ করার কারণ দেখিয়েছে প্রশাসন।

নোটিসের অভিযোগ অনুযায়ী, সোনমের ডাকা জমায়েতে নির্বাচনের সময় সরকারি কর্মচারীদের গণছুটিতে যাওয়ার আবেদন জানানো হয়েছিল, যাতে কেউ উপস্থিত না থাকেন। এছাড়া শীতকালে নির্বাচন পরিচালনার বিরুদ্ধে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান এবং যাঁদের লুকোনোর বা ভয় পাওয়ার কিছু রয়েছে, তাঁদের সাময়িকভাবে লাদাখ ছেড়ে যাওয়ার মন্তব্য করার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। প্রশাসনের দাবি, ২৬ নভেম্বর জমায়েতের ডাক এবং ভোটের দিন ৪ ডিসেম্বরের আগে ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনশনের আবেদন জানানো হয়েছিল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ লেহ-র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পাঠানো নোটিসে জানানো হয়েছে, ২০২৬ সালের এলএএইচডিসি নির্বাচনের সঙ্গে যুক্ত শান্তি বজায় রাখার বন্ড কার্যকর করার নির্দেশ কেন দেওয়া হবে না, তার কারণ দর্শাতে হবে। শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে যে, বন্ডের মেয়াদকালে শান্তি বজায় রাখতে হবে, জনশান্তি বিঘ্নিত করা যাবে না, নির্বাচনের দায়িত্বে থাকা কাউকে দায়িত্ব পালনে বিরত থাকার প্ররোচনা দেওয়া যাবে না এবং কোনো ভোটার, প্রার্থী বা নির্বাচন কর্মীকে বাধা, হুমকি বা বলপ্রয়োগ করা যাবে না।

সোনম ওয়াংচুকের প্রতিক্রিয়া এই নোটিসের পাল্টা প্রতিক্রিয়ায় সোনম ওয়াংচুক দাবি করেছেন, তিনি বরাবরই শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে। এক্স-এ তিনি লেখেন, মাইনাস ১৫ ডিগ্রি শীতের রাতেও তিনি কেবল ধর্না ও অনশনের মতো শান্তিপূর্ণ প্রতিবাদের উপায়েরই আবেদন জানিয়েছেন, যাতে অন্য কারও নয়, নিজেদেরই কষ্ট হয়। তাঁর বক্তব্য বিকৃত করা হয় বলে অভিযোগ তুলে ওয়াংচুক জানান, এবার যথেষ্ট নথিগত প্রমাণ রয়েছে; তবে প্রশাসনের নির্দেশমতো তিনি ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দিয়ে নিজের বক্তব্য তুলে ধরবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *