ধাম’ বিতর্কে ইতি! দিঘার মন্দির কমপ্লেক্সের নতুন নাম ‘শ্রীশ্রীজগন্নাথ কালচারাল সেন্টার’

দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে সরকারিভাবে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। ওড়িশাবাসীসহ বিশ্বজুড়ে জগন্নাথ ভক্তদের ধর্মীয় আবেগকে সম্মান জানিয়ে গত ২৩ নভেম্বর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এক্স-এ (X) পোস্ট করে এই পদক্ষেপের জন্য শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র সমালোচনা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
নতুন নাম কী হলো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাঠানো চিঠি অনুযায়ী, এখন থেকে দিঘার গোটা কমপ্লেক্সটির নাম হবে ‘শ্রীশ্রীজগন্নাথ কালচারাল সেন্টার’ এবং ভেতরের মূল মন্দিরটি পরিচিত হবে ‘শ্রীশ্রীজগন্নাথ মন্দির’ নামে। শুভেন্দুর মতে, এই নতুন নামকরণ মন্দিরের পবিত্রতা বজায় রাখার পাশাপাশি প্রকল্পের বৃহত্তর সাংস্কৃতিক চরিত্রকে তুলে ধরবে এবং এর ফলে বাংলা ও ওড়িশার দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধা আরও সুদৃঢ় হবে।
মোহনচরণ মাঝির প্রতিক্রিয়া ও পূর্বতন সরকারকে আক্রমণ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর চিঠির প্রাপ্তিস্বীকার করে এক্স-এ দীর্ঘ পোস্ট করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করে তিনি লেখেন, শ্রীক্ষেত্রের অনন্য ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বকে উপেক্ষা করে দিঘার মন্দির কমপ্লেক্সের ক্ষেত্রে ‘জগন্নাথ ধাম’ শব্দটি ব্যবহার করায় কোটি কোটি ভক্তের ভাবাবেগে গভীর আঘাত লেগেছিল।
পাশাপাশি দিঘার মন্দির কমপ্লেক্স থেকে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার সরকারি নিশ্চয়তা দেওয়ায় শুভেন্দু অধিকারীর সংবেদনশীলতা ও দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মাঝি। তাঁর দাবি, ওড়িশা ও পশ্চিমবঙ্গের দুই বিজেপি সরকারের সমন্বয় এবং সনাতন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার জেরেই এই সমাধান সম্ভব হয়েছে।
বিতর্কের প্রেক্ষাপট মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নির্মিত দিঘার মন্দিরকে ‘ধাম’ বলা নিয়ে দীর্ঘদিন ধরেই ধর্মীয় ও রাজনৈতিক মহলে বিতর্ক চলছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর গত জুন মাসে ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিপত্র নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র। সেই বৈঠকের পরই শাস্ত্র ও অভিধানের ব্যাখ্যা তুলে ধরে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার ঘোষণা করেছিলেন শুভেন্দু। এবার সরকারি চিঠির মাধ্যমে সেই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দিয়ে দীর্ঘদিনের বিতর্কে ইতি টানল রাজ্য সরকার।