২৬/১১ হামলার ১৮ বছর পরও অধরা ‘অভিযুক্ত নম্বর ২০’! কে এই রহস্যময় ‘মেজর জেনারেল সাহেব’?

মুম্বইয়ে ভয়াবহ ২৬/১১ জঙ্গি হামলার ১৮ বছর পেরিয়ে গেলেও এই নারকীয় অভিযানের নেপথ্যে থাকা এক রহস্যময় চরিত্রের পরিচয় আজও অজানাই রয়ে গেছে। ২০০৯ সালের চার্জশিটে তালিকাভুক্ত ৩২ জন পাকিস্তানি অভিযুক্তের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি, যাঁর প্রকৃত নাম বা পরিচয় এখনো প্রতিষ্ঠা করা যায়নি। চার্জশিট এবং বিচার সংক্রান্ত নথিপত্রে যাঁকে শুধুমাত্র তাঁর পদমর্যাদার নামে চিহ্নিত করা হয়েছে— ‘অভিযুক্ত নম্বর ২০: মেজর জেনারেল সাহেব – নাম অজানা’।

হামলায় পাকিস্তান সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা আইএসআই-এর (ISI) ভূমিকা বারবার প্রমাণিত হয়েছে এবং এনআইএ (NIA) চার্জশিটে মেজর জেনারেল মহম্মদ খালিদ রাও, কর্নেল সাদাতুল্লাহ, মেজর ইকবাল ও লেফটেন্যান্ট কর্নেল হামজার মতো একাধিক পাক সেনা আধিকারিকের নামও উঠে এসেছে। তবে ওই ‘মেজর জেনারেল সাহেব’-এর কোনো পরিচিত ছবি বা স্কেচ তদন্তকারীদের হাতে নেই। তাঁর পরিচয় জানার একমাত্র সূত্র লুকিয়ে রয়েছে জীবিত অবস্থায় ধৃত একমাত্র জঙ্গি আজমল আমির কাসভের জবানবন্দিতে।

মুজফ্ফরাবাদ শিবিরে তত্ত্বাবধান মুম্বই পুলিশের জিজ্ঞাসাবাদে কাসভ জানিয়েছিল, মুজফ্ফরাবাদে লস্কর-ই-তইবা (LeT)-র প্রশিক্ষণ শিবিরে আট সপ্তাহ ধরে চলা প্রশিক্ষণের তত্ত্বাবধান করেছিলেন ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। লস্কর প্রধান হাফিজ সইদ এবং জাকিউর রহমান লখভি শিবিরে এসে তাঁকে জড়িয়ে ধরতেন এবং তখন থেকেই তাঁকে ‘মেজর জেনারেল’ বলে সম্বোধন করা হত। কাসভের বয়ান অনুযায়ী, ওই প্রশিক্ষণই তাদের ‘জিহাদি’-তে পরিণত করেছিল।

২০০৮ সালের অগস্টে প্রস্তুতি যাচাই কাসভের দাবি, জঙ্গিদের উদ্বুদ্ধ করতে ২০০৮ সালের অগস্ট মাসে ফের ওই প্রশিক্ষণ শিবিরে এসেছিলেন ‘মেজর জেনারেল সাহেব’। তিনি কাসভের কাছে জানতে চেয়েছিলেন সে সাঁতার জানে কি না। এরপর সইদ ও লখভির সঙ্গে একান্তে কথা বলার পর ১০ জঙ্গির লক্ষ্যভেদের প্রস্তুতি যাচাই করেন তিনি। হাফিজ সইদকে ১০টি লক্ষ্যবস্তু বসানোর নির্দেশ দেন ওই আধিকারিক এবং তাঁর উপস্থিতিতেই গুলি চালানোর মহড়া দেয় জঙ্গিরা। লক্ষ্যভেদে সফল হওয়ায় কাসভের পিঠ চাপড়েও দিয়েছিলেন ওই রহস্যময় মেজর জেনারেল।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ১০ পাকিস্তানি জঙ্গির হামলায় বিদেশি নাগরিকসহ প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন এবং আহত হয়েছিলেন ৩০০-রও বেশি মানুষ। হামলার পর ধৃত আজমল কাসভের মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০১২ সালের নভেম্বরে। পরবর্তীতে অন্যতম ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলি আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দেয় এবং ২০২৫ সালে আরেক অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়। তবে ১৮ বছর পরেও চার্জশিটের ‘মেজর জেনারেল সাহেব’ আজও রহস্যের আড়ালেই রয়ে গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *