তাজমহল চত্বরে বাঁদরের দৌরাত্ম্য! আতঙ্কে দেশি-বিদেশি পর্যটকরা, প্রশ্নের মুখে নিরাপত্তা

বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল চত্বরে ক্রমবর্ধমান বাঁদরের দৌরাত্ম্য ঘিরে দেশি ও বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি তাজমহল প্রাঙ্গণে বাঁদরের দলের অবাধ বিচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, তাজমহলের পূর্ব গেট, পশ্চিম গেট এবং ‘রয়্যাল গেট’-এর আশপাশের এলাকাগুলি কার্যত বাঁদরদের দখলে চলে গেছে। সেখানে ঘুরতে আসা পর্যটকরা প্রায়ই বাঁদরের আক্রমণের মুখে পড়ছেন। এর আগেও গত সেপ্টেম্বর মাসে তাজমহল পরিদর্শনের সময় বাঁদরের কামড়ে আহত হয়ে দুই পর্যটককে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, যাঁদের মধ্যে একজন ছিলেন ব্রাজিল থেকে আসা ৮৩ বছর বয়সী পর্যটক এবং অন্যজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। এছাড়া কয়েক মাস আগে তাজমহল চত্বরের একটি ফোয়ারার জলে বাঁদরদের লাফালাফি ও জলকেলির ভিডিও ভাইরাল হয়েছিল।
পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভারতের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ তাজমহলের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাজমহল ও সংলগ্ন এলাকা থেকে বাঁদর সরানোর বিষয়ে কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবে সমস্যার কোনো সমাধান হয়নি। স্মৃতিসৌধটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে অভিযোগ উঠছে।