খাওয়ার পর বিছানায় যাচ্ছেন? মাত্র ১০-১৫ মিনিট হাঁটায় লুকিয়ে আছে বড় সুফল

খাওয়াদাওয়ার পর একটু বিশ্রাম নিতে ভালোবাসেন অনেকেই। বিশেষ করে দুপুর বা রাতের খাবার খাওয়ার পর বিছানায় গা এলিয়ে দেওয়া কিংবা সোফায় বসে থাকা অনেকেরই অভ্যাস। কিন্তু এই অভ্যাসের বদলে মাত্র ১০ থেকে ১৫ মিনিট হাঁটাহাঁটি শরীরের জন্য অনেক বেশি উপকারী হতে পারে।

চিকিৎসকদের মতে, খাওয়ার পর অল্প সময়ের জন্য হাঁটলে শুধু হজমই ভালো হয় না, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। এমনকি শরীরের মেটাবলিক স্বাস্থ্য ভালো রাখতেও এই ছোট্ট অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

খাওয়ার পরপরই দীর্ঘ সময় বসে থাকা বা শুয়ে থাকার পরিবর্তে ধীর গতিতে কিছুক্ষণ হাঁটলে শরীরের একাধিক উপকার হয়। বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হালকা হাঁটাচলা হজম এবং মেটাবলিক স্বাস্থ্যের জন্য বেশ কার্যকর।

খাওয়ার পর শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকভাবেই বাড়ে। এই সময়ে হাঁটাহাঁটি করলে শরীরের পেশিগুলো রক্তে থাকা গ্লুকোজ শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করতে পারে। ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার প্রবণতা কিছুটা কমে। বিশেষ করে যাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন রয়েছে, তাদের জন্য খাবারের পর অল্প সময় হাঁটার অভ্যাস উপকারী হতে পারে। এ ছাড়া হালকা হাঁটাচলা অন্ত্রের স্বাভাবিক কার্যকলাপেও সাহায্য করে, ফলে খাবার হজমের প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সুবিধা হয়। তবে হাঁটার গতি স্বাভাবিক ও আরামদায়ক হওয়া জরুরি।

অনেকের ধারণা, খাবার খাওয়ার পরপরই হাঁটলে হজমে সমস্যা হতে পারে। তাই অন্তত আধা ঘণ্টা অপেক্ষা করে হাঁটতে যান তারা। তবে চিকিৎসকদের মতে, হালকা হাঁটার জন্য বিশেষ করে অপেক্ষা করার প্রয়োজন নেই। খাওয়ার পরই ধীর গতিতে হাঁটাচলা শুরু করা যায়।

তবে এই সময়ে দ্রুত হাঁটা, দৌড়ানো কিংবা কঠোর শরীরচর্চা করা একেবারেই উচিত নয়। কারণ ভারী খাবার খাওয়ার পর শরীর হজমের কাজে ব্যস্ত থাকে। তখন অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে পেটে অস্বস্তি, ব্যথা বা বমি বমি ভাব হতে পারে। তাই খাবারের পর হাঁটার সময়ে স্বাভাবিক গতিতে হাঁটুন এবং শরীরের ওপর বাড়তি চাপ দেবেন না।

খাওয়ার পরপরই বিছানায় শুয়ে পড়ার অভ্যাস থাকলে এখনই সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে, তাদের জন্য এই অভ্যাস বেশ অস্বস্তিকর হতে পারে।

খাওয়ার পর শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড ও খাবারের কিছু অংশ খাদ্যনালির দিকে উঠে আসতে পারে। এর ফলে বুক জ্বালা, টক ঢেকুর এবং গলায় অস্বস্তির মতো সমস্যা দেখা দেয়। তাই ভারী খাবার খাওয়ার পর অন্তত দুই থেকে তিন ঘণ্টা শুয়ে না পড়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। এই সময়ে সোজা হয়ে বসে থাকা কিংবা হালকা হাঁটাচলা করা যেতে পারে।

অনেকেই অফিসে দুপুরের খাবার খেয়েই আবার কাজে বসে পড়েন। এতে শরীরের ক্ষতি হয় কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। চিকিৎসকদের মতে, খাওয়ার পর সোজা হয়ে বসে কাজ করা ক্ষতিকর নয়। বরং যাদের অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করতে হয়, তারা কাজের ফাঁকে অল্প সময় হাঁটার অভ্যাস করতে পারেন।

খাবারের পর পাঁচ মিনিটের জন্য অফিসের করিডর বা আশপাশে একটু হেঁটে আসুন। সময় পেলে সেই হাঁটার পরিমাণ ১০ থেকে ১৫ মিনিট করতে পারেন। এতে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকার অভ্যাসও কমবে।

তাই সুস্থ থাকতে প্রতিদিনের রুটিনে ছোট্ট একটি পরিবর্তন আনুন। খাওয়ার পরপরই বিছানায় না গিয়ে বরং কয়েক মিনিট হেঁটে নিন। নিয়মিত এই অভ্যাস হজমে সাহায্য করার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *