‘মায়ের অমতে বিয়ে করব না’, রাজবীরের মন্তব্যে ক্ষুব্ধ নন্দিনী? কী বললেন তাঁর মা-বাবা?

বিগ বস বাংলার সোমবারের পর্বে বিয়ে নিয়ে রাজবীরের করা মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে। শুরু থেকেই রাজবীর ও নন্দিনীর সম্পর্ক আসল নাকি নকল, তা নিয়ে দর্শক ও নেটপাড়ায় নানা জল্পনা চলছে। যদিও দু’জনই একে অপরের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন—শো থেকে বেরিয়েও নন্দিনী রাজবীরকে ভালোবাসার কথা জানিয়েছেন, অন্যদিকে রাজবীরও ঘরের সদস্যদের সঙ্গে নতুন বছরে নন্দিনীকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা এবং নিজের হাতে তাঁর জন্য উপহার বানানোর কথা বলেছেন।

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজবীর স্পষ্ট জানান যে, মায়ের অমতে তিনি নন্দিনীকে বিয়ে করবেন না। তাঁর বিশ্বাস, তাঁদের কিছু ভুলের কারণে মা অসন্তুষ্ট থাকলেও একদিন ঠিকই তাঁর ভালোবাসায় স্বীকৃতি দেবেন। রাজবীরের এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে; নানা তির্যক মন্তব্যের পাশাপাশি বিগ বস ঘরের প্রসঙ্গ টেনেও কটাক্ষ করেছেন নিন্দুকরা।

রাজবীরের ওই জবাবে কিছুটা কষ্ট পেয়েছেন নন্দিনীও। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, যেহেতু তাঁদের সম্পর্কের বয়স মাত্র দুই মাস এবং তা বিগ বসের ঘরের মতো পরিবেশে তৈরি হয়েছে, তাই বাইরের পৃথিবীতে একে অপরকে পরখ করে দেখতে চান। পাশাপাশি নন্দিনীর মতে, রাজবীর ওইভাবে উত্তর না দিলেও পারতেন।

অন্যদিকে, রাজবীরের বক্তব্যের পর মুখ খুলেছেন নন্দিনীর বাবা-মাও। মা পূজা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি নন্দিনীর মা। রাজবীর আজ যে কথাগুলো বলেছে সত্যিই ঠিক বলেছে। মাকে কষ্ট দিতে চায় না, আমি এটা ঠিক মনে করি।’ নন্দিনীর বাবার কথায়, ‘রাজবীরের উত্তর একেবারেই সঠিক ছিল, ওর প্রতি ভালোবাসা আমার আরও বেড়ে গেল। এই পৃথিবীতে সবার আগে মা। যে মাকে খুশি করতে পারে না, সে কাউকে করতে পারবে না।’

নন্দিনী ও রাজবীরের সম্পর্কের নানা ওঠাপড়ার সাক্ষী থেকেছে দর্শক—কখনও ঘনিষ্ঠতা ও আদর, আবার কখনও তর্ক থেকে হাতাহাতি। হাতাহাতির জেরেই বিগ বস থেকে বহিষ্কৃত হন নন্দিনী। প্রাক্তন প্রতিযোগী ভরত কল বরাবরই এই সম্পর্ককে ‘শো-এর জন্য’ বলে দাবি করলেও সোনামণি সাহা জানিয়েছেন, তিনি দু’জনের ভালোবাসার সাক্ষী এবং এটিকে ‘ফেক’ মনে করেন না। তবে তাঁদের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে গড়ায়, তা সময়ই বলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *