পুরুষ তারকারা পারলে নারীরা কেন নয়? দীপিকার কাজের সময় নিয়ে সোচ্চার করণ জোহর

সম্প্রতি ‘কফি উইথ করণ সিজন ৯’-এর আসন্ন পর্বের একটি ঝলক প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। প্রকাশিত ট্রেলারে দেখা যাচ্ছে, আগামী পর্বে অতিথি হিসেবে থাকছেন অক্ষয় কুমার এবং রবি কিষান। দুই তারকার সঙ্গে আড্ডার মাঝেই চলচ্চিত্র জগতে কাজের সময় এবং দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা শিফট সংক্রান্ত বিতর্ক নিয়ে মুখ খুলেছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। এই বিষয়টি কেন অযথা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে, তা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

ভিডিয়োর শুরুতেই অক্ষয় কুমারের সময়ানুবর্তিতা ও পেশাদারিত্বের প্রশংসা করতে দেখা যায় করণ জোহরকে। তিনি বলেন, ‘আমি যখন অক্ষয়ের সঙ্গে প্রথম ছবি করি, তখন থেকেই দেখেছি উনি অত্যন্ত কঠোর পরিশ্রমী। ভোর পাঁচটায় মিটিং করেন, চিত্রনাট্য মুখস্থ করেন এবং সবসময় পরিচালকদের সমর্থন করেন। প্রযোজকদের ব্যাপারেও ভীষণ সচেতন থাকেন উনি। উনি একমাত্র সুপারস্টার যিনি নবাগত পরিচালকদের সুযোগ দেন, আর এই কাজের জন্য তিনি যথেষ্ট কৃতিত্ব পান না।’

অক্ষয়ের কাজের সময়সূচি প্রসঙ্গে কথা বলতে গিয়েই দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা শিফটের বিতর্ক টেনে আনেন করণ। দীপিকাকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় দীপিকা পাড়ুকোনের সিদ্ধান্তকে সমর্থন করি। উনি যখন এই ধরনের কিছু বলেন, তখন কেন বিষয়টিকে এত বড় করে দেখা হয় তা আমি বুঝি না। এটা ওঁর অধিকার এবং উনি এই অধিকার অর্জন করেছেন। উনি অত্যন্ত পরিশ্রমী একজন নারী। উনি একজন মা, একজন স্ত্রী এবং একজন পেশাদার মানুষ—ওঁরও ব্যক্তিগত জীবন রয়েছে। এই লিঙ্গবৈষম্য একেবারেই ন্যায্য নয়।’

বলিউডে নারী ও পুরুষ তারকাদের কাজের শর্ত নিয়ে সমতার কথাও তুলে ধরেন করণ জোহর। তাঁর মতে, পুরুষ সুপারস্টারদের মতো নারী সুপারস্টারদেরও কাজের সময়সীমা নির্ধারণ করার স্বাধীনতা থাকা উচিত। করণ জানান, প্রযোজকরা দীপিকার মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পছন্দ করেন। শুধু দীপিকাই নন, অক্ষয় কুমারও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পছন্দ করেন এবং সেটাই স্বাভাবিক নিয়ম হওয়া উচিত। সৃজনশীলতার সঙ্গে কোনও আপস না করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা গেলে তা ইন্ডাস্ট্রির সকলের জন্যই মঙ্গলজনক বলে মন্তব্য করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *