“৯ পুলিশকর্মীকে ছুরির কোপের জের”-রিসেপশন ডেস্কে এ বার আগ্নেয়াস্ত্র বাধ্যতামূলক!

এ বার থেকে দিল্লির সব থানার রিসেপশন বা ফ্রন্ট ডেস্কের পুলিশকর্মীদের ডিউটিতে থাকার সময় সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখতে হবে। দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা সব থানার ওসিদের এই নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।
কী কারণে এই নির্দেশ?
দিল্লির জামা মসজিদ থানা ও ওই থানা এলাকায় গত ২৩ নভেম্বর ৯ জন পুলিশকর্মীকে ছুরি মেরে জখম করার ঘটনার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর আড়াইটে নাগাদ কালা মহল এলাকার বাসিন্দা ৩০ বছর বয়সি নাবাল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে মা ও বোনকে নির্যাতনের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে থানায় আসার পরই যুবক আচমকা ছুরি বের করে পাঁচ পুলিশকর্মীকে জখম করে পালিয়ে যান।
জখম আরও ৪ কনস্টেবল, গুলি চালিয়ে কাবু
ঘটনার পর পলাতক যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ জামা মসজিদ থানার চিতলি কাবরা এলাকায় পুলিশকর্মীরা তাঁকে কোণঠাসা করলে তিনি আরও চার কনস্টেবলকে ছুরি মেরে জখম করেন বলে অভিযোগ। এরপর আত্মরক্ষার্থে অভিযুক্তের পায়ে ছয় রাউন্ড গুলি চালায় পুলিশ। জখম অবস্থায় ওই যুবককে হেফাজতে নেওয়া হয়।
আত্মরক্ষাতেই সশস্ত্র থাকার নির্দেশ
প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকরা জানতে পারেন, ঘটনার দিন জামা মসজিদ থানার রিসেপশন ডেস্কের কর্মীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল না। ফলে অভিযুক্তের হামলা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে পারেননি আক্রান্ত কর্মীরা।
দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক থানার ওসিদের জানিয়েছেন, আত্মরক্ষার স্বার্থেই ফ্রন্ট ডেস্কের কর্মীদের সশস্ত্র অবস্থায় ডিউটি করতে হবে। যে কোনও হামলার পরিস্থিতিতে প্রয়োজন হলে গুলি চালিয়ে হামলাকারীকে কাবু করার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।