নিউ টাউনে খুন হওয়া বাংলাদেশের প্রাক্তন সাংসদের মেয়ে গ্রেপ্তার, কী অভিযোগ তার বিরুদ্ধে?

প্রাক্তন সাংসদ আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা পুলিশ। বুধবার রাতে বাংলাদেশের রাজধানীর লালমাটিয়া এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার মোল্লা মোহাম্মদ শাহিন এই তথ্য নিশ্চিত করেছেন।

কী অভিযোগ ডোরিনের বিরুদ্ধে?

পুলিশ সূত্রে জানা গেছে, দেশের স্থিতাবস্থা নষ্ট করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে ডোরিনের বিরুদ্ধে। ২৪ বছর বয়সি ডোরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তাঁর মা ইয়াসমিন ফেরদৌস এবং তাঁরা লালমাটিয়ার সি ব্লক এলাকায় থাকেন। সেই বাড়ি থেকেই তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আনোয়ারুল আজিম হত্যা মামলা ও প্রেক্ষাপট

ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সাংসদ আনোয়ারুল কালীগঞ্জ উপজেলায় আওয়ামি লিগের সভাপতি পদেও ছিলেন। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে এসে তিনি নিখোঁজ হন। এরপর ১৮ মে বরাহনগর থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। তদন্তে নেমে রাজ্য পুলিশের এসটিএফ এবং বরাহনগর থানা জানতে পারে, কলকাতার অদূরে নিউ টাউনের একটি আবাসনে নিয়ে গিয়ে সাংসদকে খুন করা হয়েছে।

সেই হত্যা মামলায় সিআইডি জিহাদ হাওলাদার এবং মহম্মদ সিয়ামকে গ্রেপ্তার করে। অন্যদিকে বাংলাদেশ পুলিশ শিমূল ভুঁইয়া, তানভির ভুঁইয়া ও সেলেস্টি রহমান নামে অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করলেও পরে তিনজনই জামিন পান। তদন্তে পুলিশ জানিয়েছিল, ওই খুনের ঘটনার মূল ষড়যন্ত্রকারী ছিলেন সাংসদের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিন। প্রসঙ্গত, সাংসদের যে দেহাংশ উদ্ধার হয়েছিল, তার ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় এসে নমুনা দিয়ে গিয়েছিলেন ডোরিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *