“১০ মিনিট থেকে ১৪ দিন আগে লিখে রাখুন মেসেজ!”-বড় বদল এবার WhatsApp-এ

ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করে নতুন সুবিধা নিয়ে এল মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। এবার আগে থেকেই মেসেজ শিডিউল করে রাখা যাবে, ফলে নির্দিষ্ট সময়ে অনলাইনে থাকার বা ফোন হাতে রাখার বাধ্যবাধকতা থাকছে না। ব্যবহারকারীরা আগে থেকেই মেসেজ লিখে দিনক্ষণ ঠিক করে রাখতে পারবেন এবং নির্ধারিত সময়ে তা পৌঁছে যাবে প্রাপকের কাছে।

মেটা-মালিকানাধীন এই প্ল্যাটফর্মে চালু হচ্ছে ‘Scheduled Messages’ ফিচার। এর সাহায্যে টেক্সট মেসেজের পাশাপাশি ছবি এবং ভিডিও পাঠানোর তারিখ ও সময়ও আগে থেকে ঠিক করা যাবে। ব্যক্তিগত চ্যাট ও গ্রুপ চ্যাট—উভয় ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে।

জন্মদিনের শুভেচ্ছা জানানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রিমাইন্ডার বা জরুরি বার্তা পাঠানোর ক্ষেত্রে ফিচারটি বেশ কার্যকর হবে। বিশেষ করে যাঁদের পরিজন বা বন্ধুরা ভিন্ন টাইম জোনে থাকেন, তাঁদের জন্য এটি বড় সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।

সংস্থার ব্লগ পোস্টে জানানো হয়েছে, ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই এই ফিচারের দাবি জানাচ্ছিলেন। এই সুবিধার আওতায় ১০ মিনিট থেকে শুরু করে ১৪ দিন আগে পর্যন্ত মেসেজ শিডিউল করা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে iOS এবং Android ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে ফিচারটি চালু করা হবে।

WhatsApp-এ মেসেজ শিডিউল করবেন কীভাবে?

সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে মেসেজ শিডিউল করা যাবে:

  • প্রথমে WhatsApp খুলে পছন্দের ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে যান।

  • চ্যাট বক্সে কাঙ্ক্ষিত মেসেজ, ছবি বা ভিডিও যুক্ত করুন।

  • সাধারণভাবে Send বাটনে ট্যাপ না করে কিছুক্ষণ চেপে ধরে রাখুন।

  • এরপর শিডিউল অপশন এলে মেসেজ পাঠানোর তারিখ ও সময় বেছে নিন।

  • নির্ধারিত সময়ে মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে এবং যাঁকে পাঠানো হচ্ছে, তিনি সাধারণ মেসেজের মতোই সেটি দেখতে পাবেন।

শিডিউল করা মেসেজ দেখা বা বাতিল করার সুবিধা

কোন সময়ে কী মেসেজ পাঠানো হবে, তা দেখার জন্য শিডিউল করা মেসেজের তালিকা দেখা যাবে। পরিকল্পনা বদলালে পাঠানোর আগেই সেটি মুছে ফেলার সুযোগও থাকছে।

ফোন বন্ধ থাকলেও কি মেসেজ যাবে?

হ্যাঁ, নির্ধারিত সময়ে মেসেজ পাঠাতে ফোন অন রাখার প্রয়োজন নেই। ফোন সুইচ অফ থাকলেও বা চার্জ শেষ হয়ে গেলেও শিডিউল করা মেসেজ যথাসময়ে পৌঁছে যাবে। পাশাপাশি অন্যান্য ব্যক্তিগত মেসেজের মতো এই শিডিউল করা মেসেজেও End-to-End Encryption সুরক্ষা বজায় থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *