বাল্যবিবাহ বিরোধী শপথ ২৭ নভেম্বর! পুরহিত-কাজিদের বিরুদ্ধেও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ রুখতে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। সেই মতো আগামী ২৭ নভেম্বর রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে বাল্যবিবাহ বিরোধী বিশেষ কর্মসূচি পালন করা হবে বলে জানা গিয়েছে। ওই দিন স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা বাল্যবিবাহ এবং জোর করে বিয়ের বিরুদ্ধে শপথ নেবেন।
মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই বাল্যবিবাহ নিয়ে কড়া পদক্ষেপের কথা বলে আসছেন শুভেন্দু অধিকারী। তিনি পড়ুয়াদের অভিভাবক ও পরিবারের সদস্যদের সতর্ক থাকতে বলেছেন। পাশাপাশি যে পুরহিত বা কাজি বাল্যবিবাহ দেবেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছিলেন তিনি। এমনকি ১৮ বছরের আগে সন্তান জন্ম দেওয়া মহিলার স্বামীর বিরুদ্ধে পকসো আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তার পরই বাল্যবিবাহ রোধে তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নির্দেশ অনুযায়ী, ২৭ নভেম্বর স্কুলগুলোতে বিশেষ কর্মসূচি হবে এবং সেখানে পড়ুয়া থেকে শিক্ষক ও শিক্ষাকর্মী সকলেই শপথ নেবেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের ‘বাল বিবাহ মুক্ত ভারত অভিযান’-এর অংশ হিসেবেই পশ্চিমবঙ্গে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ওই অভিযানের আওতায় বাংলা ও ইংরেজিতে শপথবাক্য পাঠ করানো হবে।
নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে সচেতনতামূলক পোস্টার লাগাতে হবে। পাশাপাশি কর্মসূচির ছবি তুলে তার রিপোর্ট জমা দিতে হবে জেলাশাসকের কাছে।
শুধু স্কুলস্তরে প্রচারেই সীমাবদ্ধ থাকছে না রাজ্য সরকার। বিয়ের মরসুমে রাজ্যজুড়ে বাল্যবিবাহ রুখতে গোটা রাজ্যে ১০০ দিনের বিশেষ কর্মসূচি চালাচ্ছে নারী ও শিশুকল্যাণ দফতর। বিভিন্ন ব্লকে ব্লকে এই প্রচার চলছে।
এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হচ্ছে। কম বয়সে বিয়ে হলে কী ধরনের শারীরিক ও সামাজিক সমস্যা তৈরি হতে পারে এবং এ ধরনের অপরাধে কী শাস্তির বিধান রয়েছে, তা নিয়েও জানানো হচ্ছে মানুষকে।