২ জানুয়ারি বুক ডে-তে নতুন রূপে পাঠ্যবই, প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ১৭টি বইয়ের নাম বদল!

নতুন শিক্ষাবর্ষের শুরুতেই রাজ্যের স্কুল পড়ুয়াদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। আগামী ২ জানুয়ারি ‘বুক ডে’ উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে নতুন নামের এই বইগুলি তুলে দেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত একাধিক পরিচিত পাঠ্যবইয়ের নতুন নামকরণ করা হয়েছে। প্রথম শ্রেণির ক্ষেত্রে ‘আমার বই-১ (ক)’, ‘আমার বই-১ (খ)’ এবং ‘আমার বই-১ (গ)’-এর পরিবর্তে নতুন নাম রাখা হয়েছে যথাক্রমে ‘নবপল্লব-১ (খণ্ড ১)’, ‘নবপল্লব-১ (খণ্ড ২)’ এবং ‘নবপল্লব-১ (খণ্ড ৩)’। দ্বিতীয় শ্রেণিতে ‘আমার বই-২ (ক)’, ‘আমার বই-২ (খ)’ এবং ‘আমার বই-২ (গ)’ বইগুলির নাম বদলে হচ্ছে ‘নবদিগন্ত-২ (খণ্ড ১)’, ‘নবদিগন্ত-২ (খণ্ড ২)’ এবং ‘নবদিগন্ত-২ (খণ্ড ৩)’।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ের নামেও পরিবর্তন আনা হয়েছে। তৃতীয় শ্রেণির ‘পাতাবাহার-৩’ বইটির নতুন নাম হয়েছে ‘নবাঙ্কুর-৩’, চতুর্থ শ্রেণির ‘পাতাবাহার-৪’ বদলে হচ্ছে ‘উন্মেষ-৪’ এবং পঞ্চম শ্রেণির ‘পাতাবাহার-৫’ বইটির নতুন নাম রাখা হয়েছে ‘নবদিশারী-৫’।

উচ্চ প্রাথমিক স্তরে ইতিহাস ও ভূগোল বিষয়ের পাঠ্যবইয়ের নামও নতুনভাবে সাজানো হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ‘অতীত ও ঐতিহ্য-৬’ বইটির নাম বদলে হচ্ছে ‘প্রাচীন ইতিহাস-৬’ এবং ‘আমাদের পৃথিবী-৬’-এর নতুন নাম ‘ভূ-পরিচয়-৬’। সপ্তম শ্রেণিতে ‘অতীত ও ঐতিহ্য-৭’ পরিবর্তিত হয়ে হচ্ছে ‘মধ্য ইতিহাস-৭’ এবং ‘আমাদের পৃথিবী-৭’ হচ্ছে ‘ভূ-পরিচয়-৭’। অষ্টম শ্রেণিতে ‘অতীত ও ঐতিহ্য-৮’ বইটির নাম বদলে রাখা হয়েছে ‘আধুনিক ইতিহাস-৮’ এবং ‘আমাদের পৃথিবী-৮’-এর নতুন নাম ‘ভূ-পরিচয়-৮’।

দফতর জানিয়েছে, এই ১৫টি বইয়ের পাশাপাশি প্রাক-প্রাথমিক স্তরের আরও দুটি বই মিলিয়ে মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম বদলানো হয়েছে। নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই পড়ুয়ারা নতুন নামে এই বইগুলি হাতে পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *